ভারতে সিনেমা মুক্তির ক্ষেত্রে কনটেন্ট নিয়ে সেন্সরশিপের বিতর্ক নতুন নয়। কখনো সেন্সর বোর্ডের লাল ফিতার দৌরাত্ম্য, আবার কখনো রাজনৈতিক চাপ কিংবা ধর্মীয় ও সামাজিক স্পর্শকাতরতার জাঁতাকলে পড়ে থমকে গেছে বহু আলোচিত চলচ্চিত্রের পথচলা। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে ভারতে বিভিন্ন সময়ে সেন্সরশিপ, রাজনীতি বা বিতর্কের জেরে আটকে যাওয়া আলোচিত ১০টি সিনেমার গল্প তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে উল্লিখিত সিনেমাগুলোর তালিকায় রয়েছে জরুরি অবস্থার সময় বিতর্ক তৈরি করা গুলজারের ‘আঁধি’, সত্যজিৎ রায়ের প্রায় চার দশক ধরে আড়ালে থাকা তথ্যচিত্র ‘সিকিম’, এবং ফুলন দেবীর জীবননির্ভর শেখর কাপুরের বহুল আলোচিত ‘ব্যান্ডিট কুইন’। এ ছাড়া খোলামেলা দৃশ্য ও যৌনতার কারণে মীরা নায়ারের ‘কামসূত্র: আ টেল অব লাভ’ এবং মালয়ালম ছবি ‘দ্য পেইন্টেড হাউস’ ভারতের সেন্সর বোর্ডের বাধার মুখে পড়ে।
তালিকায় আরও রয়েছে শিখবিরোধী দাঙ্গার প্রেক্ষাপটে তৈরি ‘আমু’, অনুরাগ কাশ্যপের সিনেমা হলে মুক্তি না পাওয়া ছবি ‘পাঁচ’, নির্ভয়া কাণ্ড নিয়ে নির্মিত বিতর্কিত তথ্যচিত্র ‘ইন্ডিয়াজ ডটার’, এবং ভূরাজনৈতিক প্রভাবে আটকে যাওয়া তামিল ছবি ‘নীলম’। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে ও কানে প্রশংসিত হওয়া সত্ত্বেও পুলিশি সহিংসতা ও সামাজিক নানা স্পর্শকাতর ইস্যু কাটছাঁট করতে না চাওয়ায় সম্প্রতি ভারতে মুক্তি মেলেনি ব্রিটিশ-ভারতীয় নির্মাতা সন্ধ্যা সুরির ‘সন্তোষ’ ছবির।