ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার আসামি খলনায়ক আশরাফুল হক ডনকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদনের শুনানির পর বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন।
এর আগে গত ৯ আগস্ট ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। পরে তাঁকে সিআইডির কাছে হস্তান্তর করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তিতে জানান, ১৬৪ ধারার জবানবন্দিতে হত্যাকাণ্ডের বিবরণ ও অর্থের বিনিময়ের তথ্য উঠে এসেছে, তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে আত্মগোপনে থাকা বাকি আসামিদের চিহ্নিত করা এবং কার ইন্ধনে ডন বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তা জানা জরুরি।
অন্যদিকে ডনের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করে দাবি করেন, ডন পালিয়ে যাওয়ার জন্য নয়, বরং না জেনে ওমরাহ পালনে বিদেশে যাচ্ছিলেন। তাঁরা আরও উল্লেখ করেন, সালমান শাহর মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা সেটিই মূল তদন্তের বিষয় হওয়া উচিত এবং ডনকে রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।