ঢালিউডের কালজয়ী অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের আজ জন্মদিন। গ্রামীণ পটভূমির চলচ্চিত্রে অনন্য অভিনয়ের জন্য cinema অঙ্গনে যিনি ‘মিয়া ভাই’ নামে পরিচিত ও সমাদৃত ছিলেন। তবে জীবিত থাকা অবস্থায় ১৯৭৫ সালের পর থেকে তিনি আর কখনো নিজের জন্মদিন উদযাপন করেননি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ ভক্ত ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করার পর থেকে ১৮ আগস্টের এই দিনটিকে ফারুক আর কখনো আনন্দের বলে মনে করতে পারেননি। সেই গভীর শোক থেকে দীর্ঘ সময় ধরে তিনি নিজের জন্মদিন পালন থেকে বিরত থাকতেন।
১৯৪৮ সালের ১৮ আগস্ট গাজীপুরে জন্ম নেওয়া ফারুক ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। মুক্তিযুদ্ধ শেষে সাংস্কৃতিক বিকাশে মনোযোগ দিয়ে ১৯৭১ সালে ‘জলছবি’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় নাম লেখান। পরবর্তীতে ‘সুজন সখী’, ‘লাঠিয়াল’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’ ও ‘নয়নমনি’-র মতো অসংখ্য কালজয়ী চলচ্চিত্রে অভিনয় করে দর্শকনন্দিত হন তিনি। ‘লাঠিয়াল’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি ২০১৬ সালে লাভ করেন আজীবন সম্মাননা। পরবর্তীতে সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করা এই গুণী অভিনেতা ২০২৩ সালের ১৫ মে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।