ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন গণমাধ্যমকে মরিয়ম বেগমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর স্বজনরা মরদেহ নিয়ে খুলনায় পপির গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হবেন। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী পপি বেশ কয়েক বছর ধরেই লোকচক্ষুর অন্তরালে রয়েছেন। মডেলিংয়ের মাধ্যমে তাঁর পরিচিতি বাড়ে। ‘লাক্স আনন্দ বিচিত্রা’ সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর বিনোদনজগতে আলোচনায় আসেন তিনি।

১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন পপি। তবে তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুলি’। মনতাজুর রহমান আকবর পরিচালিত ছবিটিতে তাঁর বিপরীতে অভিনয় করেন ওমর সানি। সে সময় ছবিটি প্রায় ৭ কোটি টাকার ব্যবসা করে আলোচনায় আসে।