‘তেরে বিন’ নাটকের মুরতাসিম চরিত্রে অভিনয় করে দক্ষিণ এশিয়ার দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন পাকিস্তানি অভিনেতা ওহাজ আলী। এবার বাংলাদেশে আসছেন এই অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজেই ঢাকায় আসার খবর জানিয়েছেন তিনি।
ওহাজ আলী জানান, আগামী ২ ও ৩ অক্টোবর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ এর সমাপনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। সেখানে ভক্তদের সঙ্গে দেখা ও সময় কাটানোর জন্য বেশ উচ্ছ্বসিত এই অভিনেতা।
ভিডিও বার্তায় ওহাজ বলেন, ‘হ্যালো বাংলাদেশ, আমি ওহাজ। খুব শিগগিরই অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। আপনাদের সবার সঙ্গে দেখা করতে, একসঙ্গে কিছুটা সময় কাটাতে এবং দারুণ কিছু স্মৃতি তৈরি করতে আর অপেক্ষা করতে পারছি না।’
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি মূলত একটি প্রদর্শনী। সমাপনী আয়োজনে ব্যক্তিগত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওহাজ আলী। নির্দিষ্ট পরিমাণ খরচকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে কয়েকজন বিজয়ী নির্বাচিত হবেন, যারা সরাসরি অভিনেতার সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘১০০ জনকে ১৫ হাজার টাকা করে দিতে হবে’ এমন তথ্য ছড়িয়ে পড়লেও আয়োজকরা জানিয়েছেন, এ বিষয়ে তারা অবগত নন। তাদের দাবি, মূল আয়োজনটি প্রদর্শনী এবং এর সমাপনী পর্বেই ওহাজ আলীর উপস্থিতি থাকবে।
২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে প্রধান অভিনেতা হিসেবে অভিনয়ে অভিষেক হয় ওহাজ আলীর। এরপর ‘হারি হারি চুড়িয়াঁ’, ‘দিল নওয়াজ’, ‘মাহ-এ-তামাম’, ‘দিল-এ-বেরহাম’, ‘ভরাম’, ‘ফিতুর’ ও ‘ইশক জালেবি’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি।