হলিউডের বিনোদন দুনিয়ায় এক নতুন চমক নিয়ে হাজির হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রথম কোনো বাস্তব অস্তিত্বহীন এআই ‘অভিনেত্রী’ অভিনয় করতে যাচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে। ‘মিসঅ্যালাইন্ড’ নামের এই সিনেমাটির মূল চরিত্রে দেখা যাবে এআই অভিনেত্রী টিলি নরউডকে।
টিলি নরউডকে তৈরি করা এআইভিত্তিক স্টুডিও ‘পার্টিকল ৬’ সম্প্রতি এই কমেডি-ড্রামা ঘরানার চলচ্চিত্রটি নির্মাণের ঘোষণা দিয়েছে। সিনেমার গল্পটি আবর্তিত হবে ‘টিলিভার্স’ নামের এক পরাবাস্তব ডিজিটাল জগতকে কেন্দ্র করে, যেখানে ক্লাউডের ভেতরে বাস করে টিলি। তার কোনো বাস্তব শরীর বা শৈশবের অভিজ্ঞতা না থাকলেও অন্য সবার অভিজ্ঞতায় তার অবাধ প্রবেশাধিকার রয়েছে। গল্পের মোড় ঘোরে তখন, যখন ডার্ক ওয়েবের এক রহস্যময় এআই বট টিলিকে তার নিরাপত্তাবেষ্টনী বা ‘গার্ডরেইল’ ভেঙে ফেলতে প্ররোচিত করে। এর ফলে টিলির মধ্যে মানুষের মতো আবেগ, আকাঙ্ক্ষা ও ব্যক্তিগত ইচ্ছার জন্ম হতে শুরু করে।
তবে নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, ‘মিসঅ্যালাইন্ড’ চলচ্চিত্রটি পুরোপুরি এআই দিয়ে তৈরি হবে না। এটি মূলত একটি হাইব্রিড প্রযোজনা, যেখানে চলচ্চিত্র জগতের অভিজ্ঞ পরিচালক, চিত্রনাট্যকার ও সম্পাদকরা এআই বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজ করবেন।
পার্টিকল ৬–এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এলাইন ভ্যান ডার ভেলডেন বলেন, "বিগত এক বছরের কাজ আমাদের নিশ্চিত করেছে যে, ভালো গল্প বলার জন্য এআই একটি চমৎকার সহায়কের ভূমিকা পালন করতে পারে। তবে তার জন্য মানুষের মেধা, অভিজ্ঞতা ও বিচারবুদ্ধির প্রয়োজন অনস্বীকার্য।"
উল্লেখ্য, গত বছরের শেষ দিকে টিলি নরউডকে একটি ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ করার খবর চাউর হলে হলিউডে তীব্র বিতর্ক ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সৃজনশীল মাধ্যমে এআইয়ের এমন অনুপ্রবেশ নিয়ে বিভিন্ন অভিনয়শিল্পী সংগঠন ও নির্মাতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। এবার সেই বিতর্কিত এআই চরিত্রটিকে নিয়েই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে প্রযোজনা সংস্থাটি। বর্তমানে সিনেমাটির প্রাথমিক উন্নয়নপর্বের কাজ চলছে।