শোবিজ অঙ্গনে কাজের প্রয়োজনে চরিত্র পরিবর্তন কিংবা কোনো প্রকল্প থেকে বাদ পড়ার ঘটনা নতুন নয়। ক্যারিয়ারে যেমন নতুন কাজের সুযোগ আসে, তেমনি বাদ পড়ার অভিজ্ঞতাও অর্জন করতে হয় তারকাদের। অভিনেত্রী আইশা খান বিষয়টিকে নেতিবাচকভাবে না দেখে বরং ক্যারিয়ারের অংশ ও শেখার সুযোগ হিসেবেই দেখেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে আইশা খান বলেন, কাজ থেকে বাদ পড়া খুবই স্বাভাবিক বিষয়। তাঁর মতে, সবসময় ভালো ফলাফল আসবে এমন নয়। ক্যারিয়ারে উত্থান-পতন থাকাটাও প্রয়োজন। এমন অভিজ্ঞতা তাঁকে অহংকার থেকে দূরে থাকতে সাহায্য করে বলেও জানান অভিনেত্রী।
গ্ল্যামার জগতের পরিচিত মুখদের নিয়মিত নানা আলোচনা ও সমালোচনার মুখোমুখি হতে হয়। বিনোদন অঙ্গনের এই সংস্কৃতিকে কাজেরই একটি অংশ মনে করেন আইশা খান। তবে সব ধরনের মন্তব্যকে গুরুত্ব না দিয়ে যেসব সমালোচনা নিজের কাজ বা আচরণ সংশোধনে সহায়ক, সেগুলোই বিবেচনায় নেন তিনি।
আইশা খানের ভাষ্য, আলোচনা-সমালোচনা হবেই, কারণ এটি তাঁদের কাজের জায়গারই একটি সংস্কৃতি। তবে কোনো সমালোচনা যদি তাঁকে নিজের ভুল বুঝতে বা প্রয়োজনীয় পরিবর্তন আনতে সাহায্য করে, তাহলে সেটিকে গুরুত্ব দিয়ে গ্রহণ করেন তিনি।