জঙ্গলে বন্দুক হাতে অক্ষয় কুমার, পাশে রহস্যময় এক দৈত্যাকার প্রাণীর ইঙ্গিত। নতুন সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার সিনেমা ‘সামুক’-এর মোশন পোস্টার প্রকাশ করে ভক্তদের আগ্রহ বাড়িয়েছেন অভিনেতা। সিনেমাটি আগামী ২০২৭ সালের ২৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘এক শিকারি। একটি মিশন। এমন এক লড়াই, যেখানে কোনো নিয়ম নেই।’ সিনেমাটি নিয়ে বিস্তারিত তথ্য ১৬ নভেম্বর দুপুর ২টা ৭ মিনিটে প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
কানিষ্ক ভার্মা পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছেন বিপুল অমৃতলাল শাহ। সানশাইন পিকচার্সের ব্যানারে নির্মিত এই সিনেমায় অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র, বিনীত কুমার সিং, রজত কাপুর, স্বানন্দ কিরকিরে, বানিতা সান্ধু ও সুশান্ত সিং।
সিনেমাটির সঙ্গে যুক্ত রয়েছেন ‘এলিয়েন’ ও ‘প্রিডেটর’ ফ্র্যাঞ্চাইজিতে কাজ করা অস্কার মনোনয়নপ্রাপ্ত প্রাণীর বিশেষ ইফেক্ট ডিজাইনার অ্যালেক গিলিস। অ্যাকশন দৃশ্যের দায়িত্বে আছেন ব্রিটিশ অ্যাকশন পরিচালক লুক টাম্বার। এর আগে যুক্তরাজ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সেখানে আন্তর্জাতিক পর্বের শুটিংয়ে প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়।
‘সামুক’-এর মাধ্যমে ১৩ বছর পর আবার একসঙ্গে কাজ করছেন অক্ষয় কুমার ও প্রযোজক বিপুল অমৃতলাল শাহ। তবে সিনেমার গল্প ও চরিত্রের বিস্তারিত এখনো প্রকাশ করেননি নির্মাতারা।