হলিউডে আবারও বিচ্ছেদের খবর। ভেঙে গেছে জনপ্রিয় মার্কিন অভিনেত্রী আলেকজান্দ্রা ড্যাডারিও এবং প্রযোজক অ্যান্ড্রু ফর্মের সংসার। বিয়ের মাত্র তিন বছরের মাথায় আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ‘বেওয়াচ’ খ্যাত এই তারকা। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদন সংবাদমাধ্যম টিএমজেড প্রথম এই খবরটি প্রকাশ করে।

টিএমজেড-কে দেওয়া এক বিবৃতিতে আলেকজান্দ্রার মুখপাত্র বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে সন্তানকে লালন-পালনের ক্ষেত্রে তারা অভিভাবক হিসেবে একে অপরকে সহযোগিতা করবেন। এই ব্যক্তিগত সময়ে তারা সবার কাছে গোপনীয়তা ও সহমর্মিতা প্রার্থনা করেছেন। তবে ঠিক কী কারণে তাদের এই বিচ্ছেদ, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি।

২০২২ সালের জুনে বেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আলেকজান্দ্রা ও অ্যান্ড্রু। এই দম্পতির ১৫ মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। এটি আলেকজান্দ্রার প্রথম বিয়ে হলেও অ্যান্ড্রু ফর্মের জন্য ছিল দ্বিতীয়। এর আগে তিনি অভিনেত্রী জর্ডানা ব্রিউস্টারের সাথে সংসার করেছিলেন, যেখানে তার ১২ ও ৯ বছর বয়সী দুটি পুত্রসন্তান রয়েছে। আলেকজান্দ্রা তাদের সৎমা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মাত্র ১৫ বছর বয়সে টেলিভিশন দিয়ে ক্যারিয়ার শুরু করা আলেকজান্দ্রা ২০০৫ সালে হলিউডে পা রাখেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ‘বেওয়াচ’, ‘পার্সি জ্যাকসন অ্যান্ড দ্য অলিম্পিয়ানস’, ‘দ্য হোয়াইট লোটাস’ এবং ‘হল পাস’-এর মতো জনপ্রিয় সব প্রজেক্টে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।