বলিউড অভিনেত্রী অমীষা প্যাটেল অবিবাহিত থাকার সিদ্ধান্ত নেওয়া তারকাদের মধ্যে অন্যতম। সম্প্রতি মুম্বাইয়ের তাজ মহল প্যালেসে ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে দেখা যায় তাঁকে। তাঁদের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নতুন জল্পনা। তবে হার্দিকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে এবার কড়া জবাব দিয়েছেন অমীষা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অমীষা হার্দিকের কাঁধে হাত রেখে হাসিমুখে তাঁকে নিজের বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। ভিডিওটি শেয়ার করে এক্স-এর এক ব্যবহারকারী দাবি করেন, তাঁদের এই সাক্ষাৎ শুধুই বন্ধুত্বপূর্ণ নয়। এমনকি রেডিটে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জনের কথাও উল্লেখ করেন তিনি।
বিষয়টি ভালোভাবে নেননি অমীষা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ব্যবহারকারীকে ব্যঙ্গ করেন অভিনেত্রী। তিনি মূলত বোঝাতে চেয়েছেন, বন্ধুত্বের জায়গা থেকে একজনের কাঁধে হাত রাখাকে রোমান্টিক সম্পর্কের ইঙ্গিত হিসেবে দেখার কোনো কারণ নেই।
অমীষা লেখেন, তিনি ওই ব্যক্তিকে চেনেন না। তবে এমন পোস্ট করার আগে তাঁর একজন নারী বন্ধু থাকা উচিত বলেও কটাক্ষ করেন অভিনেত্রী। অমীষার এই জবাবের পর হার্দিকের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন আরও আলোচনায় এসেছে।
বিয়ে নিয়ে অমীষার ভাবনা
এর আগে বিয়ে ও সম্পর্ক নিয়ে নিজের ভাবনার কথাও জানিয়েছিলেন অমীষা। রণবীর আল্লাহবাদিয়ার একটি পডকাস্টে অভিনেত্রী বলেছিলেন, একসময় তিনি একটি গুরুতর সম্পর্কে ছিলেন। তবে চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেওয়ার পর তাঁর সেই সঙ্গী তাঁকে সমর্থন করেননি।
অমীষা অবশ্য বিয়ের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি। তাঁর মতে, উপযুক্ত কাউকে পেলে তিনি বিয়ের জন্য প্রস্তুত। তবে এমন একজন জীবনসঙ্গী চান, যিনি তাঁর ক্যারিয়ারকে সম্মান করবেন এবং এগিয়ে যেতে সহযোগিতা করবেন।
অভিনেত্রী আরও জানিয়েছিলেন, বিভিন্ন স্বচ্ছল পরিবার থেকে তাঁর কাছে বিয়ের প্রস্তাব আসে। এমনকি তাঁর চেয়ে বয়সে অনেক কম পুরুষও তাঁকে ডেটের প্রস্তাব দেন। তবে তাঁর কাছে বয়সের চেয়ে মানসিক পরিণতিই বেশি গুরুত্বপূর্ণ।
হার্দিকের ব্যক্তিগত জীবন
এদিকে হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবনও দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। মডেল মাহিয়েকা শর্মার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ২০২৫ সালের দিকে গুঞ্জন শুরু হয়। পরবর্তীতে সামাজিক মাধ্যমে মাহিয়েকার সঙ্গে অবকাশযাপনের ছবি প্রকাশ করে হার্দিক তাঁদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন। সেখানে মাহিয়েকাকে নিজের ‘১১:১১ উইশ’ বলেও উল্লেখ করেন তিনি।
এরপর বিভিন্ন অনুষ্ঠান ও ক্রিকেট ম্যাচে একসঙ্গে দেখা গেছে হার্দিক ও মাহিয়েকাকে। ম্যাচ চলাকালে গ্যালারি থেকে হার্দিককে উৎসাহ দিতেও দেখা গেছে মাহিয়েকাকে।
এর আগে অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন হার্দিক। ২০২০ সালে তাঁদের বিয়ে হয়। তবে কয়েক বছর পর ২০২৪ সালে তাঁরা বিচ্ছেদের ঘোষণা দেন। বর্তমানে ছেলে অগস্ত্যকে যৌথভাবে বড় করছেন হার্দিক ও নাতাশা।
অন্যদিকে, অমীষা প্যাটেল এখনো অবিবাহিত। হার্দিকের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎকে ঘিরে তৈরি হওয়া জল্পনা নিয়ে অভিনেত্রীর কড়া প্রতিক্রিয়ায় আপাতত সেই গুঞ্জনেরই জবাব মিলেছে।