বাংলাদেশের ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের নির্মম বাস্তবতাকে সেলুলয়েডের ফ্রেমে তুলে ধরেছেন নির্মাতা আসিফ ইসলাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে তাঁর নতুন চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’-এর অফিশিয়াল ট্রেলার। আর এই সিনেমায় মূল চরিত্র ‘প্রিন্সেস রোজী’ রূপে হাজির হয়ে দর্শক ও নেটিজেনদের রীতিমতো চমক দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
পর্দায় এই জটিল চরিত্রটি ফুটিয়ে তুলতে নিজের ভেতরের যে তীব্র যুদ্ধ ও দ্বিধাদ্বন্দ্ব ছিল, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী। যেখানে ‘প্রিন্সেস রোজী’ হয়ে ওঠার পেছনের অজানা গল্প তিনি অকপটে ভাগ করে নিয়েছেন।
ভাবনা তাঁর পোস্টে লিখেছেন যে লুক টেস্ট থেকে শুরু করে ফাইনাল লুক পর্যন্ত ‘প্রিন্সেস রোজী’ চরিত্রটি যখন তাঁর নির্মাতা আসিফ তাঁর কাছে নিয়ে আসেন, তখন তিনি প্রথমেই ভেবেছিলেন এটি তিনি কীভাবে করবেন। কারণ হিসেবে তিনি জানান যে তিনি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং ছোটবেলা থেকে যেভাবে তাঁরা নিজেদের বডি ল্যাঙ্গুয়েজ তৈরি করেন, তাতে তাঁদের কাছে এই ধরনের নাচ পাপের সমতুল্য।
শাস্ত্রীয় নৃত্যের ব্যাকগ্রাউন্ড থাকার কারণে এই চরিত্রের নাচ ও বিশেষ অঙ্গভঙ্গি নিজের মধ্যে ধারণ করা ভাবনার জন্য ছিল এক মস্ত বড় চ্যালেঞ্জ। এর পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গি এবং সমালোচনার ভয়ও তাঁর মনে কাজ করছিল। নিজের সেই দ্বিধার কথা পরিষ্কার করে জানিয়ে তিনি আরও লেখেন যে তিনি ভেবেছিলেন লোকে কী বলবে। কারণ আমাদের সমাজে একজন অভিনেতা যখন কোনো চরিত্র পর্দায় ফুটিয়ে তোলেন, তখন দর্শকরা তাকে সত্যিই সেই মানুষটি ভেবে ভুল করে বসেন, আর তার ওপর তিনি একজন নারী অভিনেতা। তবে সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে শেষ পর্যন্ত তিনি নিজেকে জিজ্ঞেস করেন যে তিনি আসলে কী চান। নিজের ভেতর থেকে উত্তর আসে যে তিনি চরিত্রটি করতে চান এবং এরপরই সেই চরিত্রটিকে নিখুঁতভাবে খোঁজার যুদ্ধে তিনি ও তাঁর নির্মাতা আসিফ একসঙ্গে নেমে পড়েন।