মুক্তির এখনও প্রায় তিন মাস বাকি। এর মধ্যেই অগ্রিম টিকিট বিক্রিতে বড় মাইলফলক গড়েছে মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। উত্তর আমেরিকার বাজারেই সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রির পরিমাণ ৫০ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০০ কোটি টাকা।

বাজার বিশ্লেষকদের প্রতিবেদন অনুযায়ী, বিক্রি হওয়া টিকিটের ৭০ শতাংশের বেশি প্রিমিয়াম লার্জ-ফরম্যাট বা ‘ইনফিনিটি ভিশন’ স্ক্রিনের জন্য। ধারণা করা হচ্ছে, সিনেমাটির ভিজ্যুয়াল অভিজ্ঞতা উপভোগ করতে দর্শকদের বড় একটি অংশ সাধারণ স্ক্রিনের পরিবর্তে প্রিমিয়াম ফরম্যাট বেছে নিচ্ছেন।

চলতি বছরের বড়দিনের ছুটিকে কেন্দ্র করে বক্স অফিসে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে পারে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। একই সময়ে প্রেক্ষাগৃহে আসছে ফরাসি-কানাডীয় নির্মাতা দ্যনি ভিলনভের ‘ডুন: পার্ট থ্রি’। ধারণা করা হচ্ছে, আইম্যাক্স স্ক্রিনে ‘ডুন: পার্ট থ্রি’ প্রাধান্য পেলেও অন্যান্য বড় লার্জ-ফরম্যাট থিয়েটারের বড় একটি অংশ দখলে রাখবে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’।

এদিকে ‘ডুমসডে’র গল্প সহজে বুঝতে দর্শকদের জন্য ১৫টি গুরুত্বপূর্ণ সিনেমা ও সিরিজের একটি বিশেষ তালিকা প্রকাশ করেছে ডিজনি প্লাস। পুরোনো গল্পের গুরুত্বপূর্ণ যোগসূত্রও ঝালিয়ে নেওয়ার সুযোগ থাকছে দর্শকদের। আগামী ২৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আবারও মুক্তি পাচ্ছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম: এনকোর’। ২০১৯ সালের মূল সিনেমার সঙ্গে নতুন কিছু অতিরিক্ত দৃশ্য যুক্ত করে তৈরি করা হয়েছে এই বিশেষ সংস্করণ।

এর আগে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র ট্রেলার প্রকাশের পরও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ট্রেলারটি ডিজনির ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ট্রেলার এবং বৈশ্বিকভাবে ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক দেখা ট্রেলার হিসেবে রেকর্ড গড়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সব মিলিয়ে মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি করেছে সিনেমাটি। আগামী ১৮ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র।