ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাঁর অভিযোগ, পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারার পাশাপাশি তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এমনকি তাঁর হাত থেকে মুঠোফোনও ফেলে দেওয়া হয়। ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ করেছেন অভিনেত্রী।

বাঁধনের দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কারণেই তাঁকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও ছাত্রলীগের (নিষিদ্ধ) কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।


পার্কে গিয়ে হামলার শিকার

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গেছেন বাঁধন। বর্তমানে তিনি মেস্ত্রে শহরে অবস্থান করছেন।

সোমবার রাতে ভাই ও তাঁর পরিবারের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে সেখানে কয়েকজন বাঙালি তাঁকে ঘিরে ধরেন বলে জানান অভিনেত্রী। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাঁর ওপর হামলা ও হেনস্তা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বিস্তারিত জানান বাঁধন। পরে হামলা ও হেনস্তার কয়েকটি ভিডিওও প্রকাশ করেন তিনি।

ভিডিওতে কয়েকজনকে বাঁধনের দিকে তেড়ে যেতে, তাঁর সঙ্গে ধস্তাধস্তি করতে এবং উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়। তাঁদের কয়েকজনকে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলতেও শোনা যায়।

‘আমার শরীরে পানি, কোক ছুড়ে মেরেছে’

ফেসবুক লাইভে বাঁধন বলেন, ‘এখানে আমি আমার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলাম। সেখানে আমাদের অনেক বাঙালি ভাই এসে আমাকে ফিজিক্যালি হ্যারাস করেছে। আমার শরীরে পানি, কোক ছুড়ে মেরেছে। এতে আমি একদম ভিজে যাই।’

অভিনেত্রীর দাবি, হামলার সময় তাঁর ওপর হাত তোলা হয় এবং কানের পাশেও আঘাত করা হয়। তিনি বলেন, ‘তারা আমার শরীরে হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে। আমার কানের পাশে আঘাত করেছে।’

ঘটনার সময় বাঁধনের ভাইয়ের শিশুসন্তানও তাঁদের সঙ্গে ছিল। প্রকাশিত একটি ভিডিওতে শিশুটির কথা উল্লেখ করে হামলাকারীদের থামানোর চেষ্টা করতে শোনা যায়। এ সময় একজনকে বলতে শোনা যায়, ‘কিসের আবার বাচ্চা, ওকে জয় বাংলা বলতে হবে।’

ভিডিওতে কয়েকজনকে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলার পাশাপাশি তাঁর রাজনৈতিক অবস্থান নিয়েও আক্রমণাত্মক মন্তব্য করতে শোনা যায়।

‘আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি’

নিজের আন্দোলনে অংশগ্রহণের বিষয়টি স্বীকার করে বাঁধন বলেন, ‘তারা বলেছে, আমি জুলাই যোদ্ধা। ইয়েস, আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।’

বাঁধনের অভিযোগ, তাঁর ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমার গায়ে হাত তোলা হয়েছে। আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে।’

ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিনেত্রী বলেন, ‘একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না। আপনারা আজ সারা বিশ্বের মানুষকে দেখালেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হলো।’

হামলাকারীদের উদ্দেশে বাঁধন আরও বলেন, ‘আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে বেরিয়ে আসা উচিত ছিল, আপনারা তা করতে পারেননি।’

সজীব ওয়াজেদ জয়ের কথাও উল্লেখ

ভিডিও বার্তায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কথাও উল্লেখ করেন বাঁধন। তিনি বলেন, সজীব ওয়াজেদ জয়ও ভেনিসে আছেন বলে তিনি জেনেছেন। তাঁর কাছে এই ঘটনার বিষয়টি পৌঁছে দেওয়ার কথাও বলেন অভিনেত্রী।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন বাঁধন। আন্দোলনের পক্ষে দেশি-বিদেশি গণমাধ্যমেও কথা বলেছিলেন তিনি।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে ভেনিসে বাঁধন

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার দলের সঙ্গে অংশ নিয়েছেন বাঁধন। উৎসবের প্রতিযোগিতামূলক অরিজন্তি বিভাগে জায়গা পেয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটি।

৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সিনেমাটির মুখ্য চার নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ্‌ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন।