ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়ার পরও ভেঙে পড়েননি জনপ্রিয় অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন। বরং বিচার নিশ্চিত না করে ভেনিস ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। ফেসবুক লাইভে এসে তিনি স্পষ্টভাবে জানান, আইনি পদক্ষেপ না নিয়ে তিনি বাংলাদেশে ফিরছেন না এবং এ ঘটনার শেষ দেখেই ছাড়বেন।
বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুরে এক লাইভ ভিডিওতে বাঁধন বলেন, "আমাকে ভয় দেখানো বা ভেঙে ফেলা এত সহজ নয়। আমি ভেনিস ছাড়ার আগে কেস ফাইল করব।" তিনি জানান, বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় পুলিশের সহায়তায় তিনি থানায় গিয়ে মামলা দায়ের করছেন। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ঘটনার সব ধরনের প্রমাণ তাঁদের কাছে রক্ষিত রয়েছে বলে জানান তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকার কারণেই তাঁর ওপর এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন বাঁধন। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনী শেষে পরিবারের সঙ্গে বের হলে তাঁর ওপর ডিম, তরল ছুড়ে মারা ও শারীরিক লাঞ্ছনা করা হয়। তবে নিজের চেয়ে তাঁর ভাইয়ের স্ত্রী ও তিন বছরের শিশুর ওপর নির্যাতনকে 'ন্যক্কারজনক' উল্লেখ করে বিচারের দাবিতে অনড় থাকার বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।