ইউটিউবের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ভিডিও ‘বেবি শার্ক ড্যান্স’-এর সেই পরিচিত মুখ পার্ক গন-রুং এবার কে-পপ গানের মাধ্যমে সংগীত জগতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বিশ্বজুড়ে ‘বেবি শার্ক বয়’ নামে পরিচিত ১৭ বছর বয়সী পার্কের প্রথম একক গান আগামী ২০ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে। বেবি শার্কের প্রস্তুতকারী প্রতিষ্ঠান দ্য পিঙ্কফং কোম্পানির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কোরিয়া হেরাল্ড। ভাইব নিউজ-এর এই প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
দ্য পিঙ্কফং কোম্পানি জানায়, পার্কের প্রথম ডিজিটাল একক গানটির শিরোনাম ‘ওয়েভ’। কোরীয় ভাষায় গাওয়া এই গানটির কথা পার্ক নিজেই লিখেছেন। এছাড়াও গানটিতে পার্কের সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কে-পপ ব্যান্ড ‘মনস্টা এক্স’-এর সদস্য জুহনি। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘বেবি শার্ক ড্যান্স’ ভিডিওতে শিশুশিল্পী হিসেবে প্রথম দেখা গিয়েছিল পার্ককে, যা এখন পর্যন্ত ১৭.২ বিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে এবং টানা ৬৯ মাস ইউটিউবের সবচেয়ে বেশি দেখা ভিডিওর স্থান দখল করে রেখেছিল।
নিজের গান নিয়ে আবেগ প্রকাশ করে পার্ক গন-রুং জানায়, "ছোটবেলায় আমি যে ভিডিওতে ছিলাম তা মানুষ আজও মনে রেখেছে, এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। ১০ বছর আগে আমি বেবি শার্কের পাশে নাচতাম, আর আজ আমি নিজের লেখা গান ও কণ্ঠ তুলে ধরছি। যারা এত দিন আমাকে মনে রেখেছেন, তাদের সঙ্গে নতুন এই পথচলা শুরু করতে পেরে আমি দারুণ আনন্দিত।"
তবে দ্য পিঙ্কফং কোম্পানির এক প্রতিনিধি স্পষ্ট করেছেন যে, এটি কোনো বাঁধাধরা কে-পপ ক্যারিয়ারের ঘোষণা নয়, বরং এটি এককালীন একটি বিশেষ প্রজেক্ট। গানটি প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়া দেখে পার্কের ভবিষ্যৎ সংগীত সফর নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।