ফুটবল বিশ্বকাপের মতো বৈশ্বিক আসর শুধু খেলার নয়, এটি বিশ্বের নানা দেশ, সংস্কৃতি ও পরিচয়ের এক বিশাল মিলনমেলা। এবার সেই বিশ্বমঞ্চেই বাংলাদেশের নাম উজ্জ্বলভাবে তুলে ধরলেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেব। কানাডার টরন্টোতে আয়োজিত ফিফা বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে তার পারফরম্যান্স ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও প্রশংসা।

শুক্রবার (১২ জুন) টরন্টো স্টেডিয়ামে কানাডা ও বসনিয়া ম্যাচের আগে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন। সেখানে নোরা ফাতেহি এবং ফরাসি পপ তারকা ভেজিড্রিমের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন সঞ্জয়। আন্তর্জাতিক তারকাদের ভিড়ে বাংলাদেশের এই তরুণ শিল্পীর উপস্থিতি যেমন দর্শকদের নজর কাড়ে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় তার প্রশংসার ঝড়।

পারফরম্যান্সের সবচেয়ে আলোচিত দিক ছিল সঞ্জয়ের পোশাক। তার ডান হাতার অংশে স্পষ্টভাবে ফুটে ওঠে বাংলাদেশের জাতীয় প্রতীকসমূহ রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং জাতীয় পতাকার রঙ ও নকশা। মঞ্চে পারফর্ম করার সময় তিনি একাধিকবার নিজের পোশাকের সেই অংশের দিকে ইঙ্গিত করেন, যার মাধ্যমে বিশ্বদর্শকের সামনে তুলে ধরেন বাংলাদেশের পরিচয় ও গর্ব।

এই দৃশ্যের ভিডিও ও ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই এটিকে বিশ্বমঞ্চে বাংলাদেশের গর্বিত উপস্থিতি হিসেবে দেখছেন। নেটিজেনদের মতে, এমন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেশের প্রতীক তুলে ধরা নিঃসন্দেহে একটি বড় অর্জন এবং এটি বাংলাদেশের সাংস্কৃতিক উপস্থিতিকে আরও শক্তিশালী করেছে।

বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হওয়া এই উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্জয় দেব ছাড়াও পারফর্ম করেন কানাডার মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, জেসি রেয়েজ, ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা এবং উইলিয়াম প্রিন্সসহ আরও অনেক আন্তর্জাতিক শিল্পী। বৈচিত্র্যময় এই আয়োজন কানাডার বহুসাংস্কৃতিক পরিচয়কে বিশ্বমঞ্চে তুলে ধরে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এবারের ফিফা বিশ্বকাপ। এমন এক বৈশ্বিক আসরে বাংলাদেশের পরিচয় তুলে ধরে সঞ্জয় দেব যেন আবারও প্রমাণ করলেন সঠিক সুযোগ ও মঞ্চ পেলে বাংলাদেশি প্রতিভাও বিশ্বমঞ্চে সমানভাবে উজ্জ্বল হতে পারে।