বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতার জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে মাছরাঙা টেলিভিশন। ৩০ জুলাই প্রচারিত হবে ‘ববিতা সমগ্র’ শিরোনামের এই অনুষ্ঠান, যেখানে দেশের শোবিজ অঙ্গনের ১০ জন তারকা ববিতাকে নিয়ে স্মৃতিচারণ করবেন এবং জানাবেন শুভেচ্ছা।
প্রতিবারের মতো এবারও জন্মদিনে ছেলেের কাছে কানাডায় থাকবেন ববিতা। তবে অনুষ্ঠানটির শুটিং আগেই সম্পন্ন হওয়ায় এতে তাঁর উপস্থিতিও থাকছে। রুম্মান রশীদ খানের গ্রন্থনা, পরিকল্পনা ও সঞ্চালনায় নির্মিত এই আয়োজনে উঠে আসবে ববিতার শৈশব, অভিনয়জীবন, ব্যক্তিগত জীবন এবং তাঁর দীর্ঘ ক্যারিয়ারের নানা জানা-অজানা গল্প।
অনুষ্ঠানে অংশ নিয়েছেন সংগীতশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন, অভিনেতা-নির্মাতা আলমগীর, সোহেল রানা, অভিনেত্রী আনোয়ারা, জয়া আহসান, ববিতার দুই বোন সুচন্দা ও চম্পা, অভিনেতা আফজাল হোসেন এবং শাকিব খান। তাঁরা ববিতার সঙ্গে কাজের অভিজ্ঞতা, স্মৃতি এবং তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কথা তুলে ধরবেন।
বিশেষ আয়োজনটি নিয়ে ববিতা বলেন, ‘আমাকে নিয়ে মাছরাঙা টেলিভিশনের এই উদ্যোগ দেখে আমি সত্যিই অভিভূত। অনুষ্ঠানটি দেখলে আমার জীবন ও কাজের অনেক অজানা দিক দর্শক জানতে পারবেন।’ অন্যদিকে সঞ্চালক রুম্মান রশীদ খান বলেন, ‘ববিতা সমগ্র’ শুধু একটি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান নয়, বরং তাঁর জীবন, কর্ম ও স্মৃতির একটি মূল্যবান দলিল। মাছরাঙা টেলিভিশন জানিয়েছে, অনুষ্ঠানটি প্রচারিত হবে ৩০ জুলাই রাত ১০টা ৩০ মিনিটে।