দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে ফ্রান্সে একসঙ্গে কেনা ওয়াইনারি ‘শ্যাটো মিরাভাল’-এর মালিকানা ও শেয়ার বিক্রির বিরোধ আদালতের বাইরে মিটিয়ে নিলেন হলিউডের সাবেক তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। দুই তারকার প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে এই সমঝোতার কথা নিশ্চিত করেছেন, যদিও চুক্তির শর্ত কিংবা আর্থিক লেনদেনের বিস্তারিত জানানো হয়নি।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, পরিবারের কথা ভেবে তাঁরা আদালতের বাইরে বিষয়টি মিটিয়ে নিয়েছেন এবং এ নিয়ে আর কোনো মন্তব্য করবেন না। ২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় কাছাকাছি আসেন পিট ও জোলি; ‘ব্র্যাঞ্জেলিনা’ নামে পরিচিত এই জুটি এক যুগের বেশি সময় একসঙ্গে থাকার পর ২০১৬ সালে বিচ্ছেদের পথে হাঁটেন এবং ছয় সন্তানের এই দম্পতির বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয় ২০২৪ সালে।

বিচ্ছেদের পরও ফ্রান্সের ওয়াইনারিটির মালিকানা, নিয়ন্ত্রণ ও অংশীদারত্ব নিয়ে দ্বন্দ্ব জিইয়ে ছিল। জোলি ওয়াইনারিতে নিজের অংশ ‘স্টোলি গ্রুপ’-এর একটি ইউনিটের কাছে বিক্রি করলে পারস্পরিক সম্মতির চুক্তি লঙ্ঘনের অভিযোগে মামলা করেন পিট; পাল্টা মামলায় জোলি প্রতিহিংসাপরায়ণ আচরণের অভিযোগ আনেন। আদালতে জমা দেওয়া নথিতে জোলির আইনজীবী দল দাবি করেছিল, গার্হস্থ্য নির্যাতনের অভিযোগ নিয়ে নীরব থাকার শর্তে গোপনীয়তা চুক্তিতে (এনডিএ) সই করতে রাজি না হওয়ায় পিট তাঁর অংশ কিনতে অস্বীকৃতি জানান; পাশাপাশি ২০১৬ সালের সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়া থেকে ফ্রান্সে যাওয়ার পথে ব্যক্তিগত বিমানে এক সন্তানের গলা চেপে ধরা এবং আরেক সন্তানকে আঘাত করার অভিযোগও উঠেছিল পিটের বিরুদ্ধে, যদিও এসব ঘটনায় কোনো ফৌজদারি মামলা দায়ের হয়নি।