বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে যোগ হলো এক নতুন অধ্যায়। গতকাল রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ঐতিহ্যবাহী মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচের বিরতিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জমকালো ‘হাফটাইম শো’। বৈশ্বিক পপ ও কে-পপ তারকাদের পদচারণায় মুখরিত এই মঞ্চে প্রধানতম আকর্ষণ হিসেবে মাতাল দক্ষিণ কোরিয়ান বয়ব্যান্ড বিটিএস (BTS)।
গ্লোবাল সিটিজেন-এর প্রযোজনায় এবং কোল্ডপ্লে-এর প্রধান গায়ক ক্রিস মার্টিনের পরিকল্পনায় আয়োজিত এই ১১ মিনিটের ঐতিহাসিক পারফরম্যান্সে লাল, কালো ও সাদা রঙের পোশাকে মঞ্চে ওঠে সাত সদস্যের বিটিএস। ব্যান্ডটি তাদের বিলবোর্ড হট ১০০ জয়ী জনপ্রিয় একক গান ‘Dynamite’-এর বিশেষ সংক্ষিপ্ত সংস্করণ পরিবেশন করে। ফুটবলের বিশ্বমঞ্চের সঙ্গে মিলিয়ে গানের কথায় আনা হয় মজাদার পরিবর্তন; 'kick the drum'-এর পরিবর্তে জংকুক গেয়ে ওঠেন 'kick the ball' এবং 'game of ping-pong'-এর বদলে 'game of football' শুনে পুরো স্টেডিয়াম জুড়ে হাজার হাজার ভক্ত ও সমর্থকের উল্লাস ছড়িয়ে পড়ে।
বিটিএস ছাড়াও এই জাঁকজমকপূর্ণ হাফটাইম শো-তে পারফর্ম করেছেন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা, লাতিন কুইন শাকিরা, কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার এবং আফ্রোবিটস সেনসেশন বার্না বয়। বিশ্বকাপের ইতিহাস গড়া এই হাফটাইম শোটি একই সঙ্গে 'ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড'-এর জন্য বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা তহবিলের লক্ষ্য কাজ করছে।