বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী গুরু পূর্ণিমা উপলক্ষে নিজের অভিনয়গুরু মামুনুর রশীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুর ভূমিকা ও গুরুত্ব তুলে ধরেন।
বুধবার নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে চঞ্চল লিখেছেন, “পিতা গুরু, মাতা গুরু, গুরু বোন, ভাই… শিক্ষা গুরু, দীক্ষা গুরু, গুরুর অভাব নাই। প্রতি পদেই গুরু থাকেন, চিনে নিতে হয়। সৃষ্টিকর্তা মহান গুরু, তারে ছাড়া নয়।”
পোস্টের পরবর্তী অংশে তিনি আরও লেখেন, “পেশার গুরু, নেশার গুরু, গুরু থাকাই চাই। অভিনয়ের গুরু আমার মামুনুর রশীদ ভাই। সব গুরুকে গুরু পূর্ণিমার বিনম্র শ্রদ্ধা।”
এই বার্তার সঙ্গে নিজের অভিনয়গুরু মামুনুর রশীদের সঙ্গে তোলা একটি ছবিও শেয়ার করেন চঞ্চল চৌধুরী। ছবিটি প্রকাশের পর ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম প্রথিতযশা ব্যক্তিত্ব মামুনুর রশীদ দীর্ঘদিন ধরে অভিনেতা, নাট্যকার ও নির্দেশক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তার সান্নিধ্যে এবং নির্দেশনায় অভিনয়ের নানা দিক শিখেছেন দেশের অনেক জনপ্রিয় শিল্পী। চঞ্চল চৌধুরীও তাদের অন্যতম।
চঞ্চলের এই শ্রদ্ধাবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হয়েছে। অনেকেই মন্তব্যে গুরু-শিষ্যের আন্তরিক সম্পর্কের কথা উল্লেখ করেছেন এবং গুরু পূর্ণিমার দিনে এমন সম্মান প্রদর্শনকে অনুকরণীয় বলে অভিহিত করেছেন।
সাংস্কৃতিক অঙ্গনের অনেকের মতে, একজন শিল্পীর সাফল্যের পেছনে তার শিক্ষাগুরুদের অবদান অপরিসীম। গুরু পূর্ণিমার দিনে চঞ্চল চৌধুরীর এই স্মরণ ও শ্রদ্ধা সেই মূল্যবোধকেই নতুন করে সামনে নিয়ে এসেছে।