প্রচারণা নেই, ছিল না কোনো ট্রেলারও। এমনকি ছবির অনভ্যস্ত ও দুর্বল অ্যানিমেশনের কারণে প্রেক্ষাগৃহে মুক্তি না দেওয়ার পরামর্শও পেয়েছিলেন পরিবেশক। প্রথম ১০ দিনে টিকিট বিক্রি হয়েছিল ৩০০টিরও কম! অথচ সেই জঘন্য তকমা পাওয়া অলৌকিক গল্পই এখন বাস্তবে রূপ নিয়ে চীনের বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে। ‘দ্য ওডিসি’ কিংবা ‘স্পাইডার-ম্যানের’ মতো বিশ্বখ্যাত বড় বাজেটের সিনেমাকে টেক্কা দিয়ে আয়ের নতুন রেকর্ড গড়ছে অ্যানিমেশন চলচ্চিত্র ‘নিউ লাই’। ভাইব নিউজের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই বিস্ময়কর সিনেমার নেপথ্য গল্প।

চীনভিত্তিক মুভি ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘মাও ইয়ান’-এর তথ্য অনুযায়ী, ছবিটি ইতোমধ্যে ১৪.৯ মিলিয়ন ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ কোটি ৮৯ লাখ টাকা) আয়ের মাইলফলক পার করে ফেলেছে। অথচ ছবিটির নির্মাণ ব্যয় ছিল মাত্র ৪৭ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৭০০ টাকা)! টানা ৫ বছর পরিশ্রম করে শিন ইউমেং এবং সান লিফাং নামের এক মা-ছেলে জুটি একাই এর চিত্রনাট্য, পরিচালনা, ভয়েস ওভার ও প্রযোজনার কাজ সামলেছেন।

একটি গরু ও ভরতপাক্ষীর (স্কাইলার্ক) সম্পর্ককে কেন্দ্র করে তৈরি ৮৬ মিনিটের এই অ্যানিমেশন চলচ্চিত্রটি গত ৫ আগস্ট চীনের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। শুরুতে ট্র্যাশ টক ও সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের তুমুল ট্রোলিং থেকেই ছবির প্রচার শুরু হয়। দুর্বল গল্প আর অদ্ভুত স্পেশাল ইফেক্ট নিয়ে নেটিজেনদের হাসাহাসি ও মজার মিমই রাতারাতি ভাগ্য বদলে দেয় সিনেমাটির, আর ছবিটিকে বানিয়ে দেয় চীনা দর্শকদের অন্যতম ট্রেন্ডিং সিনেমা!