নব্বই দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আবেগ, প্রেম, বন্ধুত্ব আর সত্য ঘটনার নস্টালজিক আমেজ নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরকুট’। আসন্ন দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনাকে সামনে রেখে সম্প্রতি প্রকাশ করা হয়েছে এর অফিশিয়াল পোস্টার।
‘সেকালের গল্প, একালের সিনেমা’ এই ভাবনায় ফিল্ম ম্যানিয়ার ব্যানারে তৈরি হয়েছে সিনেমাটি। প্রকাশিত পোস্টারে নব্বই দশকের স্মৃতিকাতর পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে। পরিচালক মুনতাসির আকিব পোস্টারটি সামাজিক মাধ্যমে শেয়ার করে লিখেছেন, ‘এই দুর্গাপূজা কাটুক নব্বই দশকের নস্টালজিয়া এবং চিরকুটের সাথে’। বর্তমান সময়ে দাঁড়িয়ে সে যুগের পরিবেশ, পোশাক-আশাক ও ক্যাম্পাসের সাধারণ জীবনযাপন পর্দায় পুনর্নির্মাণ করাটা টিমের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল বলে জানা গেছে।
চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুনতাসির আকিব এবং নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন তানজিল রাফি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিমি, সুমন পাটোয়ারী, রহমান তেহজিব, সিয়াম নাসির, আবদুল্লাহ আল সেন্টু, শাওন আশরাফ, ইকবাল হোসেন, সাদি খান, মাহিরা হাসান, শামীম আহসান, শেখ চাঁদনী ও শিমুল সিদ্দিকী। এ ছাড়া একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে।