হলিউডের খ্যাতিমান নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ (The Odyssey) মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে বক্স অফিসে দারুণ ঝড় তুলেছে। মহাকাব্যিক ফ্যান্টাসি ঘরানার এই সিনেমাটি মুক্তির প্রথম তিন দিনেই বিশ্বব্যাপী ২৬৪ মিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ১৬৮ কোটি টাকা। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর এটিই নোলানের ক্যারিয়ারে সবচেয়ে বড় বৈশ্বিক ওপেনিং।

সিনেমাটি উত্তর আমেরিকার বাজার থেকে ১২৪.৫ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে ১৩৯.৬ মিলিয়ন ডলার আয় করেছে। বিশ্ববাজারের পাশাপাশি ভারত ও বাংলাদেশের বক্স অফিসেও রেকর্ড গড়ে চলেছে ছবিটি। ভারতের বাজারে প্রথম উইকএন্ডে এটি ৭০ কোটি রুপির বেশি (গ্রস) সংগ্রহ করেছে, যা দেশটিতে নোলানের যেকোনো ছবির জন্য সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড।

অন্যদিকে, বাংলাদেশের মাল্টিপ্লেক্সগুলোতেও সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছে। চলচ্চিত্র আয় বিশ্লেষক প্রতিষ্ঠান 'বিএমআর'-এর তথ্যমতে, মুক্তির মাত্র তিন দিনে বাংলাদেশের মাল্টিপ্লেক্স থেকে সিনেমাটির মোট গ্রস আয় ১ কোটি ২ লাখ টাকা ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে ‘দ্য ওডিসি’ ২০২৬ সালে বাংলাদেশের মাল্টিপ্লেক্সে কোটি টাকা আয়ের মাইলফলক ছোঁয়া ১০ম সিনেমা হিসেবে রেকর্ড তৈরি করেছে। কেবল তৃতীয় দিনে স্টার সিনেপ্লেক্সের ৫১টি শো থেকে সিনেমাটির আয় ছিল ২১ লাখ ৩৪ হাজার টাকা।

প্রাচীন গ্রিক কবি হোমারের বিখ্যাত মহাকাব্য অবলম্বনে নির্মিত এই সিনেমার চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান নিজে। এতে মূল চরিত্র রাজা ওডিসিউসের ভূমিকায় ম্যাট ডেমন এবং তাঁর ছেলে টেলেমেকাসের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এ ছাড়া সিনেমাটির তারকাবহুল কাস্টিংয়ে রয়েছেন অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন, লুপিটা নিয়ংও এবং জেনডায়ার মতো জনপ্রিয় তারকা অভিনয়শিল্পীরা।