স্প্যানিশ ভাষার জনপ্রিয় ক্রাইম থ্রিলার সিরিজ ‘মানি হাইস্ট’-এর পর নেটফ্লিক্সে বিশ্বজুড়ে নতুন করে সাড়া ফেলেছে আরেকটি ব্যাংক ডাকাতির গল্প ‘কলিশন কোর্স’। মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নেটফ্লিক্সের জনপ্রিয়তার শীর্ষস্থান দখল করে নিয়েছে রোমাঞ্চকর এই সিনেমাটি।
২০১৩ সালের মাদ্রিদের অর্থনৈতিক সংকটের পটভূমিতে নির্মিত হয়েছে ‘কলিশন কোর্স’-এর গল্প। একদল অপরাধীর ব্যাংক ডাকাতি দিয়ে শুরু হলেও পরবর্তীতে পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে তাদের মধ্যে তৈরি হওয়া সন্দেহ, অবিশ্বাস ও অপ্রত্যাশিত মোড় ছবিটিকে অন্যমাত্রা দিয়েছে। স্প্যানিশ নির্মাতা ড্যানিয়েল সানচেজ আরেভালো পরিচালিত এই থ্রিলারে অভিনয় করেছেন লাইয়া কোস্তা, কারা এলেখালদে, লুইস সাহেরা, তামার নোভাস ও আলভারো সেরভান্তেসের মতো জনপ্রিয় তারকারা। টান টান উত্তেজনা ও চরিত্রের গভীরতার কারণে অপরাধধর্মী গল্পের দর্শকদের মাঝে সিনেমাটি নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে।