টালিউডে শোকের ছায়া যেন কিছুতেই কাটছে না। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণের শোক কাটিয়ে ওঠার আগেই কলকাতার জনপ্রিয় দুই অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী ও সুদীপ্তা চক্রবর্তী তাদের মাকে হারালেন। বৃহস্পতিবার (২ এপ্রিল, ২০২৬) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাদের মা দীপালি চক্রবর্তী।

চক্রবর্তী পরিবারের ঘনিষ্ঠ ও ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দীপালি দেবী। মস্তিষ্কে রক্তক্ষরণের (Brain Hemorrhage) কারণে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে তিনি আর ফিরে আসেননি। ২০১৮ সালে কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব বিপ্লব কেতন চক্রবর্তীর মৃত্যুর পর দীপালি দেবীই ছিলেন দুই মেয়ের প্রধান ভরসা। নিজে একজন দক্ষ নৃত্যশিল্পী হয়েও মেয়েদের অভিনয় জগতে প্রতিষ্ঠিত করতে তার অবদান ছিল অপরিসীম।

কাকতালীয়ভাবে, মাত্র কয়েকদিন আগেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকাতুর হয়ে সুদীপ্তা চক্রবর্তী ফেসবুকে পোস্ট করেছিলেন। সেই শোকের রেশ কাটতে না কাটতেই নিজের জন্মদাত্রীকে হারানোর এই সংবাদে টালিপাড়ার সহকর্মী ও বিশিষ্ট ব্যক্তিত্বরা গভীর শোক প্রকাশ করেছেন।