আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেব ও শুভশ্রী গাঙ্গুলী অভিনীত ‘দেশু ৭’ সিনেমার প্রচারণা জমে উঠেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের দুর্গাপুরে ছবিটির প্রচারণায় একসঙ্গে মঞ্চে হাজির হয়ে নাচ-গানে মেতে ওঠেন একসময়ের এই জনপ্রিয় রিয়েল ও রিল লাইফ জুটি। তবে শিলিগুড়ি ও শ্রীরামপুরের পর দুর্গাপুরের প্রচারমঞ্চে তাঁদের এমন ঘনিষ্ঠ কেমিস্ট্রি দেখে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা ও কটাক্ষ।
ইভেন্টে দেব ও শুভশ্রীর রসায়ন ভক্তদের নজর কাড়লেও সামাজিক মাধ্যমে তা নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। তাঁদের পুরোনো প্রেমের প্রসঙ্গ টেনে কমেন্ট বক্সে খোঁচা দিয়ে মন্তব্য করেছেন অনেকেই। এক নেটিজেন ঠাট্টা করে লিখেছেন, ‘পৃথিবীর সবচাইতে ধৈর্যশীল ব্যক্তি রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তী’। শুভশ্রীকে ইঙ্গিত করে অন্য একজন লিখেছেন, ‘এক্স-এর সাথে সময় কাটানোর মজাই আলাদা’। আবার অনেকে রসিকতা করে মন্তব্য করেছেন, ‘শুভশ্রী, তোমার মতো একজন প্রাক্তন আমার জীবনেও দরকার ছিল’।
উল্লেখ্য, ২০০৯ সালের ‘চ্যালেঞ্জ’ সিনেমা থেকে শুরু হওয়া দেব-শুভশ্রীর প্রেম ২০১৩ সালে ভেঙে যায়। বর্তমানে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সংসার করছেন এবং দেব রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে সম্পর্কের মধ্যে। পেশাদারত্বের খাতিরে সাবেক এই জুটির একসঙ্গে পর্দায় ও প্রচারণায় ফেরা অনেকে ইতিবাচকভাবে দেখলেও নেটিজেনদের একাংশ এটিকে কটাক্ষ করতে ছাড়ছেন না। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দেব পরিচালিত তাঁদের ৭ম চলচ্চিত্র ‘দেশু ৭’।