এক সময় ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন সুমাইয়া শিমু। একক নাটক থেকে শুরু করে ধারাবাহিক সব ক্ষেত্রেই নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মন জয় করেছিলেন তিনি। তবে ব্যক্তিগত নানা কারণে দীর্ঘদিন ধরেই অভিনয়ে অনিয়মিত ছিলেন এই অভিনেত্রী।

বিরতির পর নুহাশ হুমায়ূনের জনপ্রিয় অ্যান্থলজি সিরিজ ‘২ষ’ এর ‘বেসুরা’ পর্বের মাধ্যমে অভিনয়ে ফিরেছিলেন শিমু। তখনই তিনি জানিয়েছিলেন, ভালো গল্প ও পছন্দের চরিত্র পেলে নিয়মিত কাজ করার ইচ্ছা রয়েছে তার।

সেই ধারাবাহিকতায় এবার নতুন একটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করতে যাচ্ছেন সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফিরে আসার গল্প’ শিরোনামের এই নাটকে ‘রুকাইয়া’ চরিত্রে দেখা যাবে তাকে।

বৃহস্পতিবার প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটির জন্য সুমাইয়া শিমুর প্রথম লুক প্রকাশ করে। লুক প্রকাশের পর দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে বেশ আগ্রহ। তবে আপাতত নাটক কিংবা নিজের চরিত্র নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি শিমু। একইভাবে এ বিষয়ে এখনই মুখ খুলছেন না নির্মাতা রাজও।

জানা গেছে, ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের সাফল্যের পর নতুন এই প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। বর্তমানে নাটকটির প্রাক প্রযোজনার কাজ চলছে। আগামী মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ধীরে ধীরে নাটকের অন্যান্য অভিনয়শিল্পীদের নামও প্রকাশ করবেন নির্মাতা।

ক্যারিয়ারে সুমাইয়া শিমু উপহার দিয়েছেন একাধিক জনপ্রিয় ধারাবাহিক নাটক। ‘হাউজফুল’, ‘এফএনএফ’, ‘ললিতা’, ‘বিহাইন্ড দ্য সিন’ এবং ‘ফাঁদ ও বগার গল্প’ এর মতো নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে বিশেষ পরিচিতি পেয়েছেন। দীর্ঘ বিরতির পর আবারও ধারাবাহিক নাটকে তার প্রত্যাবর্তন দর্শকদের জন্য নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে।