দেশের অভিনয় অঙ্গনের তিন কিংবদন্তি শিল্পী দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুর। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করলেও এই তিন গুণী শিল্পীকে কখনো একসঙ্গে পর্দায় দেখা যায়নি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন তারা। নাটকের নাম ‘দাদি ভয়ংকর’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রাহাত কবির।
জানা গেছে, প্রযুক্তি ও ইন্টারনেটের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাবকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটকটির গল্প। এরই মধ্যে শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।
নির্মাতা রাহাত কবির জানান, ইন্টারনেট যেমন মানুষের জীবনে নানা সুবিধা এনে দিয়েছে, তেমনি এর অপব্যবহারও বিভিন্ন ধরনের সমস্যার জন্ম দিচ্ছে। নাটকে এই দুই দিকই তুলে ধরা হয়েছে। তবে গল্পের মাধ্যমে ইতিবাচক ব্যবহারের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে।
নাটকটি নিয়ে বেশ উচ্ছ্বসিত আবুল হায়াত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘ভীষণ ভালো লেগেছে নাটকটিতে কাজ করে। কারণ, সিনিয়র কয়েকজন শিল্পীকে এক করে নাটক নির্মাণ করা খুব কঠিন একটি কাজ। নির্মাতা সেটা করতে পেরেছেন।’
দিলারা জামানও নাটকটির বিষয়বস্তুকে সময়োপযোগী বলে মনে করেন। তিনি বলেন, ‘প্রযুক্তি আমাদের যেমন স্বাচ্ছন্দ্য দিচ্ছে, তেমনি অনেক বিপদও ডেকে আনছে। নাটকের মাধ্যমে সেই বিষয়ে সবাইকে সচেতন করার চেষ্টা করা হয়েছে। একই নাটকে কাজ করতে গিয়ে বারবার “শেষ পত্র”-এর দিনগুলোর কথা মনে পড়ছিল।’
অন্যদিকে ডলি জহুর স্মৃতিচারণ করে বলেন, ‘অনেক বছর আগে আবুল হায়াত ভাইয়ের পরিচালনায় আমরা কয়েকজন একসঙ্গে অভিনয় করেছিলাম। আজ আবার দিলারা আপা ও হায়াত ভাইয়ের সঙ্গে একই নাটকে কাজ করতে পেরে সত্যিই খুব ভালো লেগেছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।’
উল্লেখ্য, আবুল হায়াতের নির্দেশনায় ‘শেষ পত্র’ নাটকে দিলারা জামান ও ডলি জহুর একসঙ্গে অভিনয় করেছিলেন। তবে সেখানে আবুল হায়াত নিজে অভিনয় করেননি। ফলে ‘দাদি ভয়ংকর’ই প্রথম নাটক, যেখানে তিন কিংবদন্তিকে একসঙ্গে পর্দায় দেখতে পাবেন দর্শক।
নাটকটিতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, করভী মিজান, আরশ খান ও প্রিয়ন্তী উর্বী। শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হবে।