অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাবেক ব্যবস্থাপক দিশা সালিয়ানের মৃত্যু মামলায় নতুন এক বড় মোড় এসেছে। দিশার রহস্যজনক মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে (CBI) তদন্তের নির্দেশ দিয়েছেন বম্বে হাইকোর্ট। গতকাল বিচারপতি সারাং কোটওয়াল ও বিচারপতি রণজিৎ সিং ভোসলের ডিভিশন বেঞ্চ এই রায় দেন।

২০২০ সালের ৮ জুন মুম্বাইয়ের মালাডের একটি বহুতল ভবনের ১৪ তলা থেকে পড়ে দিশা সালিয়ানের মৃত্যু হয়েছিল। তখন মুম্বাই পুলিশ ঘটনাটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে দেখালেও, দিশার বাবা সতীশ সালিয়ান শুরু থেকেই অভিযোগ করে আসছেন যে তাঁর মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পরবর্তীতে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন, যেখানে শিবসেনা নেতা আদিত্য ঠাকরের নামও উল্লেখ করা হয়।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, অভিজ্ঞ সিবিআই কর্মকর্তার অধীনে এই নতুন তদন্ত পরিচালিত হবে। তদন্তে কোনো গুরুতর অপরাধের প্রমাণ পাওয়া গেলে সিবিআই দ্রুত চার্জশিট জমা দেবে, নতুবা মামলা বন্ধের ‘ক্লোজার রিপোর্ট’ জমা দেওয়া হবে। তবে পর্যাপ্ত প্রমাণ না পাওয়া পর্যন্ত আদিত্য ঠাকরে বা অন্য কাউকে অভিযুক্ত হিসেবে গণ্য করা যাবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন আদালত।