ক্যামেরা চালু, চারপাশে শুটিংয়ের প্রস্তুতি, আর আকাশে ক্রেনের সঙ্গে ঝুলছে একটি এসইউভি। অ্যাকশন দৃশ্য ধারণের সময়ই ঘটে গেল অপ্রত্যাশিত বিপত্তি। যান্ত্রিক ত্রুটিতে ক্রেন থেকে ছুটে নিচে থাকা একটি ভ্যানের ওপর আছড়ে পড়ে গাড়িটি। সেটি এসে পড়ে বলিউড অভিনেতা ইমরান হাশমির মুখের একেবারে কাছাকাছি। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান অভিনেতা।
সম্প্রতি ঘটনার একটি পেছনের দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, শুটিং সেটে উপস্থিত কর্মীরা গাড়িটি ঘোরানোর প্রস্তুতির সময় কাউন্টডাউন দিচ্ছেন। এরপর মাঝআকাশে ঝুলে থাকা এসইউভিটি উল্টে যেতেই ঘটে বিপত্তি। আচমকা গাড়িটি নিচে পড়ে যাওয়ায় উপস্থিত সবাই অপ্রস্তুত হয়ে পড়েন। সাময়িকভাবে ব্যাহত হয় শুটিংও।
অ্যাকশনধর্মী ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের জন্য ঝুঁকিপূর্ণ এই স্টান্ট ধারণ করা হচ্ছিল বলে জানা গেছে। তবে সামান্য যান্ত্রিক গোলযোগও যে শুটিং সেটে বড় ধরনের বিপদের কারণ হতে পারে, ঘটনাটি যেন সেই আশঙ্কাই সামনে এনেছে।
স্বস্তির খবর, এ ঘটনায় ইমরান হাশমি কোনো আঘাত পাননি। তবে ঘটনাটি পরিকল্পিত স্টান্টের অংশ ছিল, নাকি শুটিং চলাকালে সত্যিই কোনো যান্ত্রিক ত্রুটি ঘটেছিল, সে বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
ভিডিওটি সামনে আসার পর পর্দায় নিখুঁত অ্যাকশন দৃশ্য ফুটিয়ে তুলতে গিয়ে তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আপাতত বড় ধরনের দুর্ঘটনা এড়ানোই ইমরান হাশমির ভক্তদের জন্য সবচেয়ে স্বস্তির খবর।