চলতি বিশ্বকাপ ফুটবলের ফাইনাল শুধু মাঠের লড়াইয়েই সীমাবদ্ধ থাকছে না। দর্শকদের জন্য থাকছে ইতিহাস গড়ার মতো এক তারকাখচিত আয়োজন। প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে যুক্ত হচ্ছে সুপার বোলের আদলে বিশেষ হাফটাইম শো, যেখানে এক মঞ্চে পারফর্ম করবেন বিশ্বের জনপ্রিয় সংগীতশিল্পীরা।

আগামী ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালের বিরতিতে মঞ্চে উঠবেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা, কানাডিয়ান গায়ক জাস্টিন বিবার, পপ কিংবদন্তি ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। ফুটবল ও সংগীতের এই ব্যতিক্রমী সমন্বয়কে ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই বিশেষ আয়োজনে আরও অংশ নেবেন নাইজেরিয়ার গ্র্যামি জয়ী শিল্পী বার্না বয়, বিশ্বখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেল, কোল্ডপ্লের সহযোগিতায় পিএস২২ কোরাস এবং জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’-এর মাপেট চরিত্রগুলো।

শুধু বিনোদন নয়, এই আয়োজনের সঙ্গে জড়িয়ে রয়েছে একটি সামাজিক উদ্যোগও। ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যেই এই হাফটাইম শোর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে ১০০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা বিশ্বের বিভিন্ন দেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় ব্যয় করা হবে।

হাফটাইম শোর কিউরেশনের দায়িত্ব পালন করেছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। আয়োজকদের আশা, ফুটবল ও সংগীতের এই অনন্য সমন্বয় বিশ্বকাপের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করবে।

এ প্রসঙ্গে জাস্টিন বিবার বলেন, “ফিফা বিশ্বকাপ এমন একটি আসর, যা পৃথিবীর মানুষকে অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি একত্রিত করে।” দীর্ঘ চার বছর পর বড় মঞ্চে নিয়মিত পারফরম্যান্সে ফেরার পর এবার বিশ্বকাপের মঞ্চেও দর্শকদের মাতাতে প্রস্তুত তিনি।

স্বাস্থ্যগত সমস্যার কারণে ‘জাস্টিস’ ওয়ার্ল্ড ট্যুর বাতিলের পর চলতি বছরের বসন্তে ক্যালিফোর্নিয়ার কোচেলা উৎসবে মঞ্চে ফিরে আলোচনায় আসেন বিবার। সেখানে ‘বেবি’, ‘নেভার সে নেভার’, ‘ওয়ান টাইম’ এবং ‘বিউটি অ্যান্ড দ্য বিট’ সহ তার জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের উচ্ছ্বসিত করেন তিনি।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও পারফর্ম করা শাকিরা ও বার্না বয় আবারও একই মঞ্চে ফিরছেন। তাদের যৌথ গান ‘দাই দাই’ টুর্নামেন্ট শুরুর পর থেকেই আন্তর্জাতিক সংগীত চার্টে শীর্ষস্থান ধরে রেখেছে। বিভিন্ন ম্যাচের স্টেডিয়ামেও গানটি নিয়মিত বাজানো হয়েছে, যা দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

এদিকে, ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপে এবার অংশ নিয়েছে ৪৮টি দল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে এবারের আসর। তবে আয়োজক তিন দেশের দলই ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

কোয়ার্টার ফাইনালের লড়াইও জমে উঠেছে। বৃহস্পতিবার বোস্টনে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। শুক্রবার লস অ্যাঞ্জেলেসে খেলবে স্পেন ও বেলজিয়াম। শনিবার মিয়ামিতে নরওয়ের প্রতিপক্ষ ইংল্যান্ড, আর একই দিনে কানসাস সিটিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামবে সুইজারল্যান্ডের বিপক্ষে।

ব্যক্তিগত পারফরম্যান্সের লড়াইয়েও উত্তেজনা কম নয়। গোল্ডেন বুটের দৌড়ে এখন পর্যন্ত আট গোল নিয়ে শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। তার ঠিক পেছনে সাত গোল করে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও নরওয়ের এরলিং হালান্ড। আর ছয় গোল নিয়ে তাদের পিছু ধাওয়া করছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন।