ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের বহুল প্রতীক্ষিত লড়াইকে ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর ফাইনালেও দর্শকদের জন্য বিশেষ আয়োজন রেখেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে হাফটাইম শোয়ের সময়সীমা নিয়ে কয়েকদিন ধরে চলা বিতর্কের অবসান ঘটিয়ে ফিফা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ফাইনালে বিরতি হবে সর্বোচ্চ ১৭ মিনিট।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে ফাইনালের মধ্যবর্তী বিরতি ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত হতে পারে। এমন সম্ভাবনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন অনেক ফুটবল বিশ্লেষক। তাদের মতে, দীর্ঘ বিরতি ম্যাচের গতি ও ছন্দে প্রভাব ফেলতে পারে। তবে ফিফার সর্বশেষ সিদ্ধান্তে সেই আশঙ্কা অনেকটাই দূর হয়েছে।
ফিফা ইতোমধ্যে আর্জেন্টিনা ও স্পেনের ফুটবল ফেডারেশনকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। সংস্থাটির পরিকল্পনা অনুযায়ী, প্রচলিত ১৫ মিনিটের হাফটাইমের চেয়ে মাত্র দুই মিনিট বেশি সময় যোগ করা হবে। মোট ১৭ মিনিটের বিরতির মধ্যে ১১ মিনিট বরাদ্দ থাকবে সংগীত পরিবেশনার জন্য। বাকি সময় ব্যবহৃত হবে মঞ্চ স্থাপন ও অপসারণের পাশাপাশি মাঠের প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজে।
ফাইনালের হাফটাইম শোতে অংশ নেবেন বিশ্বসংগীতের জনপ্রিয় তিন তারকা শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার। তাদের পরিবেশনা ঘিরে ইতোমধ্যেই ফুটবল ও সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ফাইনালকে ঘিরে আয়োজকেরা এটিকে একটি বৈশ্বিক বিনোদন উৎসবে পরিণত করতে চায়।
এদিকে চলমান বিশ্বকাপে গরম আবহাওয়ার কথা বিবেচনায় রেখে আগের মতোই ম্যাচে হাইড্রেশন ব্রেক রাখা হবে। প্রতিটি অর্ধে খেলোয়াড়দের জন্য একটি করে পানি পানের বিরতির ব্যবস্থা থাকবে, যাতে তারা শারীরিকভাবে সতেজ থাকতে পারেন।
এর আগে হাফটাইম শোতে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস এবং ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের অংশগ্রহণের গুঞ্জন শোনা গেলেও ফিফা শেষ পর্যন্ত শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের নামই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। ফলে ফুটবল ইতিহাসের অন্যতম আকর্ষণীয় ফাইনালের সঙ্গে এবার যোগ হচ্ছে তারকাখচিত এক সংগীত আয়োজনও।