কে-ড্রামা ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি মুক্তি পেয়েছে পার্ক হিউন সক পরিচালিত নতুন মিউজিক্যাল ড্রামা ‘ফোর হ্যান্ডস, টু সোনাতাস’। ডেন ও নেটফ্লিক্সে সম্প্রচারিত এই সিরিজে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় কে-পপ ও কে-ড্রামা তারকা সং কাং এবং লি জুন ইয়ং। ধ্রুপদী সঙ্গীতের প্রতিযোগিতাকে কেন্দ্র করে নির্মিত এই নাটকে দুই তরুণ পিয়ানোবাদকের মধ্য মধ্যকার মানসিক দ্বন্দ ও প্রতিভার লড়াই ফুটিয়ে তোলা হয়েছে।
প্রতিবেদনে জানা যায়, গল্পটি গড়ে উঠেছে এক অভিজাত আর্টস হাই স্কুলকে কেন্দ্র করে, যেখানে পিয়ানোবাদক কাং বি ওহ (সং কাং) শৈশব থেকেই পরিবারের নিখুঁত হওয়ার প্রবল চাপে বেড়ে উঠেছে। অন্যদিকে, শৈশবের এক তিক্ত অভিজ্ঞতার কারণে সঙ্গীত থেকে দূরে সরে যাওয়া প্রতিভা চই জেওং ইয়ো (লি জুন ইয়ং) নতুন করে পিয়ানোর সামনে ফিরে আসে। পরস্পরের সম্পূর্ণ বিপরীত স্বভাব ও ঘরানার এই দুই তরুণ প্রথমে একে অপরের প্রবল প্রতিযোগী হিসেবে দাঁড়ালেও, সময়ের সাথে সাথে সঙ্গীতের মাধ্যমেই তাদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা গভীর বন্ধুত্ব ও আত্মশুদ্ধির গল্পে রূপ নেয়। তাদের সাথে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জুং গিউ রি।
সমালোচকদের মতে, ক্লাসিক্যাল মিউজিককে কেবল পটভূমি হিসেবে ব্যবহার না করে চরিত্রের আবেগ প্রকাশের শক্তিশালী মাধ্যম হিসেবে ফুটিয়ে তোলাই সিরিজের মূল আকর্ষণ। সং কাং ও লি জুন ইয়ংয়ের দুর্দান্ত রসায়ন এবং পিয়ানো পরিবেশনার টানটান দৃশ্যগুলো দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয়েছে। ৩.৫ রেটিং পাওয়া এই সিরিজটি ইতোমধ্যেই এশীয় ড্রামা অনুরাগীদের মনোযোগ আকর্ষণ করতে শুরু করেছে।