ডিজনির জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ফ্রোজেন’-এর তৃতীয় কিস্তি
প্রকাশিত ট্রেলারে দেখা যায়, অ্যানা ও ক্রিস্টফের রাজকীয় বিয়ের মুহূর্ত দিয়ে শুরু হয় গল্পের নতুন মোড়। বিয়ের অনুষ্ঠানের একপর্যায়ে সুমেরুপ্রভার (নরদার্ন লাইটস) একটি বরফকণা প্রজাপতিতে রূপ নিয়ে এরেনডেল দুর্গে এসে পৌঁছায় এবং এলসার স্পর্শ পাওয়া মাত্রই এক বিশাল পোর্টাল বা রহস্যময় দরজা খুলে যায়। এই পোর্টালের মাধ্যমে অ্যানা ও এলসা এক বিপজ্জনক বরফের জগতে প্রবেশ করে, যেখানে নতুন এক খলনায়কের ইঙ্গিত দেওয়া হয়েছে যে দীর্ঘ দিন ধরে এলসাকে খুঁজছে।
অনুষ্ঠানে ইদিনা মেনজেল জানান, ‘ফ্রোজেন ৩’-এর মূল প্রেক্ষাপট এরেনডেল থেকে বেশ দূরে এক আরও বন্য ও বিপজ্জনক বরফঘেরা রাজ্যে বিস্তৃত। অন্যদিকে অলাফ চরিত্রের কণ্ঠশিল্পী জোশ গ্যাড মঞ্চে গান গেয়ে জানান, এই পর্বে ওলাফের জীবনেও আসছে এক নতুন ভালোবাসা, যার নাম ‘সামান্থা’।
ডিজনির এই নতুন অ্যানিমেটেড মুভিতে অ্যানা ও এলসার পোশাকেও দেখা গেছে জমকালো রূপান্তর। রাজকীয় বিয়ের জন্য অ্যানা পরেছেন সুন্দর ফুল আঁকা সাদা ওয়েডিং ড্রেস। ভক্তদের বহুল প্রতীক্ষিত এই অ্যানিমেটেড চলচ্চিত্রটি ২০২৭ সালের ২৪ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।