‘গেম অব থ্রোনস’ ভক্তদের জন্য এলো বড় খবর। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গেম অব থ্রোনস: এগন’স কনকোয়েস্ট’-এর মুক্তির তারিখ ঘোষণা করেছে ওয়ার্নার ব্রাদার্স। ২০২৯ সালের ১ জুন বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
সিনেমাটি পরিচালনা করবেন ওয়েন হ্যারিস এবং চিত্রনাট্য লিখছেন বিউ উইলিমন। জর্জ আর আর মার্টিনের বিখ্যাত উপন্যাসমালা ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’-এর জগৎ থেকেই নির্মিত হবে ছবিটি। গল্পে দর্শকদের নিয়ে যাওয়া হবে টারগারিয়েন রাজবংশের শাসনের শুরুর সময়ে। রাজা এগন প্রথমের ওয়েস্টেরস জয় এবং কীভাবে গড়ে উঠেছিল বিখ্যাত আয়রন থ্রোন, সেই ইতিহাসই বড় পর্দায় তুলে ধরা হবে।
চলতি বছরের শুরুতে সিনেমাকনের মঞ্চে ছবিটির পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছিল স্টুডিওটি। এবার ঘোষণা করা হলো মুক্তির তারিখ।
বড় পর্দায় ‘গেম অব থ্রোনস’ আনার পরিকল্পনা অবশ্য একেবারে নতুন নয়। ২০১৩ সালে, এইচবিওর জনপ্রিয় সিরিজটি প্রচারের দুই বছর পর নির্মাতা ডেভিড বেনিওফ ও ড্যান ওয়েইস সিরিজটির সমাপ্তি তিনটি সিনেমার মাধ্যমে করার প্রস্তাব দিয়েছিলেন বলে জানা যায়। তবে শেষ পর্যন্ত সিনেমা নয়, আট সিজনেই শেষ হয় মূল সিরিজটি। ২০১৯ সালের মে মাসে প্রচারিত হয় এর শেষ সিজন।
মূল সিরিজ শেষ হলেও ‘গেম অব থ্রোনস’ জগতের বিস্তার থেমে থাকেনি। ‘হাউস অব দ্য ড্রাগন’-এর তৃতীয় সিজন সম্প্রচারিত হয়েছে চলতি গ্রীষ্মে। অন্যদিকে ‘আ নাইট অব দ্য সেভেন কিংডমস’-এর দ্বিতীয় সিজন আগামী বছর ফিরবে বলে আশা করা হচ্ছে।
‘এগন’স কনকোয়েস্ট’-এর নির্মাতা ও চিত্রনাট্যকার দুজনেরই রয়েছে উল্লেখযোগ্য কাজের অভিজ্ঞতা। ওয়েন হ্যারিস ‘আ নাইট অব দ্য সেভেন কিংডমস’, ‘ব্ল্যাক মিরর’ ও ‘মিসেস ডেভিস’-এর মতো সিরিজে কাজ করেছেন। অন্যদিকে বিউ উইলিমন ‘হাউস অব কার্ডস’-এর নির্মাতা। পাশাপাশি ‘স্টার ওয়ার্স’ ফ্র্যাঞ্চাইজির ‘অ্যান্ডর’ সিরিজের চিত্রনাট্যকারদের একজন তিনি।
তবে ‘গেম অব থ্রোনস’ জগতকে সিনেমায় রূপ দেওয়ার বিষয়ে শুরু থেকেই সতর্ক ছিলেন লেখক জর্জ আর আর মার্টিন। ২০১৫ সালে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, সিনেমার নির্দিষ্ট সময়সীমার মধ্যে গল্পকে সীমাবদ্ধ করতে গিয়ে বইয়ের গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যেতে পারে। তাঁর আরও আশঙ্কা ছিল, চলচ্চিত্রের গল্প হয়তো জন স্নো কিংবা ডেনেরিস টারগারিয়েনের মতো জনপ্রিয় চরিত্রগুলোর মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়তে পারে।
সব জল্পনা পেরিয়ে এবার সেই পরিচিত ফ্যান্টাসি জগতের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বড় পর্দায়। আয়রন থ্রোনের জন্ম, এগন প্রথমের বিজয় এবং ওয়েস্টেরসের ইতিহাস সিনেমাটিতে কীভাবে তুলে ধরা হয়, তা জানতে অপেক্ষা করতে হবে ২০২৯ সালের জুন পর্যন্ত।