বিবাহবিচ্ছেদের জল্পনা থেকে শুরু করে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ বিভিন্ন বিতর্কে বারবার আলোচনায় এসেছে বলিউড অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন। এবার এসব নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সুনীতাই তাঁর জীবনের প্রথম প্রেম এবং তাঁদের বিবাহবিচ্ছেদের কোনো প্রশ্নই নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দ বলেন, ‘আমরা হিন্দু। আমাদের এখানে “তলাক” (বিবাহবিচ্ছেদ) বলে কোনো শব্দ নেই।’ তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সুনীতার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে গোবিন্দ জানান, তাঁর স্ত্রী যে সিদ্ধান্তই নিয়ে থাকুন না কেন, সন্তানদের ভালো থাকার কথা ভেবেই নিয়েছেন। সুনীতাকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে অভিনেতা বলেন, তিনিই তাঁর প্রথম প্রেম।

গোবিন্দ আরও জানান, তাঁর মা মারা যাওয়ার পর সুনীতা নিজের মতো করে জীবন কাটানোর স্বাধীনতা চেয়েছিলেন। স্ত্রীর সেই ইচ্ছাকে সম্মান জানিয়েছিলেন তিনি। সুনীতার জন্য তাঁর বাড়ির দরজা সব সময় খোলা বলেও উল্লেখ করেন অভিনেতা।

অন্যদিকে, গোবিন্দের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছিলেন সুনীতা। এ বিষয়ে অভিনেতার দাবি, তাঁর সহ-অভিনেত্রীদের মধ্যে চারজন বিশ্বসুন্দরী হওয়া সত্ত্বেও তাঁদের সঙ্গে কখনো ভালোভাবে দেখা করেননি। সেই সুযোগ কাজে না লাগানোর জন্য আক্ষেপও প্রকাশ করেন তিনি।

দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়িতে বিশ্বাসী নন গোবিন্দ। তাঁর মতে, তিক্ততা থেকে কখনো মধুর সম্পর্ক তৈরি হয় না। কাউকে পাল্টা অপমান করেও সমস্যার সমাধান করতে চান না তিনি।

গোবিন্দ ও সুনীতার বিয়ের বয়স প্রায় ৩৯ বছর। তাঁদের এক ছেলে যশবর্ধন ও এক মেয়ে টিনা। দীর্ঘদিন ধরে তাঁদের সুখী দম্পতি হিসেবেই দেখে এসেছেন অনুরাগীরা। তাই তাঁদের সম্পর্কের টানাপোড়েনের খবর প্রকাশ্যে আসতেই অবাক হয়েছিলেন অনেকে।

এদিকে, শোনা যাচ্ছে, সুনীতা বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করেছেন। তাঁর দাবি, মামলা প্রত্যাহার না করলে গোবিন্দ আবার বিয়ে করতেন। দীর্ঘ সাত বছর পর ‘রূপা’ ছবির মাধ্যমে বড়পর্দায় ফিরতে চলেছেন এই অভিনেতা।