গেমিং বিশ্বের অন্যতম বহুল প্রতীক্ষিত গেম ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ বা ‘জিটিএ ৬’। গেমটি ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনার শেষ নেই। এবার গেমটির একটি বিশেষ ‘এক্সটেন্ডেড লুক’ নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। তবে বাংলাদেশের গেমার ও দর্শকদের জন্য রয়েছে একটি দুঃসংবাদ নেটফ্লিক্সে মুক্তি পেতে যাওয়া এই বিশেষ পরিবেশনাটি বাংলাদেশে দেখা যাবে না।

অফিশিয়াল ঘোষণা অনুযায়ী, আগামী ২৭ আগস্ট ইস্টার্ন টাইম (ইটি) বেলা ৩টায় নেটফ্লিক্সে জিটিএ ৬-এর এই ‘অ্যান এক্সটেন্ডেড লুক’ প্রিমিয়ার হবে। প্রথম ৬ ঘণ্টা এটি কেবল নেটফ্লিক্সেই এক্সক্লুসিভভাবে দেখা যাবে। পরবর্তীতে একই দিন ইটি রাত ৯টায় এটি সবার জন্য উন্মুক্ত করা হবে রকস্টার গেমসের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে।

নেটফ্লিক্স সাইটে ইতোমধ্যে বাংলাদেশ অঞ্চলের ব্যবহারকারীদের জন্য কনটেন্টটিকে 'অনুপলব্ধ' বা আনঅ্যাভেইলেবল দেখানো হচ্ছে। তবে ঠিক কী কারণে বাংলাদেশ বা এই অঞ্চলে এটি ব্লক বা অনুপলব্ধ রাখা হয়েছে, সে বিষয়ে নেটফ্লিক্স স্পষ্ট কোনো কারণ দেখায়নি।

গেমিং কমিউনিটিতে জোর গুঞ্জন, পর্তুগিজ নেটফ্লিক্স তালিকার তথ্য অনুযায়ী এটি হয়তো ১ ঘণ্টার বেশি দীর্ঘ তিনটি আলাদা পর্বে মুক্তি পাবে। সেখানে গেমপ্লে, মূল চরিত্র ও ‘লেওনিডা’ নামের বিশাল গেম ওয়ার্ল্ডের বিস্তারিত ফুটিয়ে তোলা হতে পারে। তবে রকস্টার গেমস বা নেটফ্লিক্স এখনো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, মূল গেমটি আগামী ১৯ নভেম্বর প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স/এস-এর জন্য বাজারে আসার কথা রয়েছে।