প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর সাবেক স্ত্রী গুলতেকিন খান সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাসে জানিয়েছেন, কেন তিনি নিজের লেখা বই প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
স্ট্যাটাসে গুলতেকিন খান জানান, যুক্তরাষ্ট্রে থাকাকালে ফেসবুকে ব্যক্তিগত স্মৃতিচারণমূলক কিছু লেখা শেয়ার করলে পাঠকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। এরপর এক ঘনিষ্ঠ প্রকাশক সেগুলো বই আকারে প্রকাশের প্রস্তাব দেন। সেই সূত্র ধরে তিনি পরিবার, আত্মীয়স্বজন এবং ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে লেখালেখি শুরু করেন, যেখানে হুমায়ূন আহমেদকে ঘিরেও কিছু স্মৃতি উঠে আসে।
তবে একটি লেখায় ব্যক্তিগত এক বেদনাদায়ক অভিজ্ঞতা তুলে ধরার পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। এর মধ্যে একটি মন্তব্য তাকে গভীরভাবে নাড়া দেয় যেখানে বলা হয়, তিনি নাকি সাবেক স্বামীর নাম ব্যবহার করে সুবিধা নিচ্ছেন। এই মন্তব্যে কষ্ট পেয়ে তিনি সেই পোস্ট মুছে ফেলেন এবং কিছুদিন লেখালেখি থেকেও দূরে থাকেন।
পরবর্তীতে বই প্রকাশের বিষয়ে আলোচনা এগোলেও তার ছেলে নুহাশ হুমায়ূন মত দেন, পাঠকরা মূলত তার বাবাকে ঘিরে লেখা নিয়েই বেশি আগ্রহী হবে, যা ভবিষ্যতে বিতর্কের জন্ম দিতে পারে। বিষয়টি গভীরভাবে ভাবার পর গুলতেকিন খান সিদ্ধান্ত নেন, বইটি আর প্রকাশ করবেন না।
তিনি জানান, হুমায়ূন আহমেদ এর ভক্তদের অনুভূতিতে আঘাত দিতে চান না। জীবনের অতীত অধ্যায় নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করারও ইচ্ছা নেই তার। বরং তিনি সামনে এগিয়ে যেতে চান।
শেষে প্রকাশকের কাছে দুঃখ প্রকাশ করে গুলতেকিন খান জানান, বই প্রকাশের জন্য যে খরচ হয়েছে, তা পরিশোধ করতেও তিনি প্রস্তুত আছেন।
সব মিলিয়ে, ব্যক্তিগত আবেগ, পারিবারিক ভাবনা এবং ভক্তদের প্রতি সম্মান এই তিনের সমন্বয়েই নিজের বই প্রকাশ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন গুলতেকিন খান।