একসময় পর্দায় নিয়মিত দেখা গেলেও এখন অভিনয় থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছেন জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। বর্তমানে ধর্মকর্ম নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বর্তমান জীবন ও অভিনয় থেকে দূরে থাকার কারণ জানিয়েছেন এই অভিনেতা।
পবিত্র হজ পালনের পর নিজের মধ্যে বড় ধরনের পরিবর্তন এসেছে জানিয়ে হাসান মাসুদ বলেন, ‘আমি এখন আর অভিনয় করি না। আমি ধার্মিক হয়ে গেছি। সে কারণে শুধু বিজ্ঞাপনের কাজ পেলে করি, নাহয় করি না। আমি এবার হজ করেছি। এরপর থেকেই আমার ভেতরে পুরোপুরি পরিবর্তন এসেছে।’
দেশের বর্তমান নাটকের মান নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। হাসান মাসুদ বলেন, ‘আজকাল কোনো ভালো কনটেন্ট নেই। মানুষকে শুধু হাসাবে শুধু এই একটি উদ্দেশ্য নিয়েই কাজ করা হয়।’
অভিনয়ে আসার আগে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছেন হাসান মাসুদ। এর আগে সাংবাদিক হিসেবেও বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন তিনি। পরবর্তীতে নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান এবং দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।