ভারতের দেহরাদূনে আয়োজিত একটি কনসার্টে পারফর্ম করার পর অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন জনপ্রিয় গায়িকা জেসমিন স্যান্ডলাস। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে জনসমাগমপূর্ণ অনুষ্ঠানে নারী শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, দেহরাদূনের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত একটি চ্যারিটি অনুষ্ঠানে গান পরিবেশন করতে গিয়েছিলেন জেসমিন। কনসার্ট শেষে তিনি মঞ্চের সামনের অংশে এসে উপস্থিত দর্শকদের শুভেচ্ছা গ্রহণ করছিলেন। এ সময় প্রথম সারিতে থাকা কয়েকজন অনুরাগীর কাছ থেকে গোলাপ গ্রহণ এবং তাঁদের সঙ্গে হাত মেলানোর চেষ্টা করেন তিনি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সেই মুহূর্তে ভিড়ের মধ্যে থাকা কয়েকজন ব্যক্তি তাঁর প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটির সময় গায়িকাকে দৃশ্যত অস্বস্তিতে পড়তে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।



ঘটনার পর অনেকেই জেসমিন স্যান্ডলাসের প্রতি সমর্থন জানিয়েছেন এবং শিল্পীদের জন্য আরও কার্যকর নিরাপত্তা ব্যবস্থার দাবি তুলেছেন। বিশেষ করে বড় জনসমাগমের অনুষ্ঠানে নারী শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন অনেকে।

উল্লেখ্য, ওই কনসার্টে জেসমিন স্যান্ডলাস ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ চলচ্চিত্রের আলোচিত গান ‘জাইয়ে সাজনা’ পরিবেশন করেন। পাশাপাশি নিজের জনপ্রিয় বেশ কয়েকটি গানও গেয়ে দর্শকদের মাতিয়ে তোলেন। বিনামূল্যে আয়োজিত এই চ্যারিটি শোতে হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।