প্রেম, বিয়ে আর বিচ্ছেদ হলিউড তারকা জেনিফার লোপেজের ব্যক্তিগত জীবন যেন বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। তবে চারবারের বৈবাহিক সম্পর্ক ভেঙে যাওয়ার পরও ভেঙে পড়েননি এই অভিনেত্রী ও সংগীতশিল্পী। বরং বিচ্ছেদকে তিনি জীবনের নতুন শুরু এবং আত্ম-উন্নয়নের অন্যতম বড় সুযোগ বলে মনে করেন। তার মতে, সম্পর্ক শেষ হলে শোক নয়, বরং উদযাপন করা উচিত।
সম্প্রতি মুক্তি পেয়েছে জেনিফার লোপেজ অভিনীত রোমান্টিক কমেডি সিনেমা ‘অফিস রোমান্স’। সিনেমাটির প্রচারণায় অংশ নিয়ে মিশরীয় কমেডিয়ান ও শিল্পী কারিম রাহমার জনপ্রিয় অনুষ্ঠান ‘সাবওয়ে টেকস’ এ নিজের জীবন, প্রেম এবং বিচ্ছেদ নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
জেনিফারের ভাষ্য, জীবনের সবচেয়ে বড় শিক্ষা তিনি পেয়েছেন ব্যর্থতা ও হৃদয়ভাঙার অভিজ্ঞতা থেকে। তিনি বলেন, “মানসিক, মনস্তাত্ত্বিক এবং আবেগীয় দিক থেকে আমার জীবনের সবচেয়ে বড় বিকাশগুলো ঘটেছে হৃদয় ভাঙার পর। এটা শুধু প্রেমের সম্পর্কের ক্ষেত্রেই নয়, ক্যারিয়ারে ব্যর্থতা বা কাজের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য।”
তার মতে, বিচ্ছেদ মানুষকে নিজের ভেতরটা নতুন করে দেখতে শেখায়। তিনি বলেন, “হৃদয় ভাঙলেই মানুষ নিজের ভেতরে খোঁজাখুঁজি শুরু করে। তখন সে নিজেকে প্রশ্ন করে কী ভুল হলো, এখন কী করব, কেন এমন হলো কিংবা আমি আরও ভালো কী করতে পারতাম। এই আত্মবিশ্লেষণই মানুষকে বদলে দেয়।”
সমাজে ব্রেকআপ বা ডিভোর্সকে সাধারণত নেতিবাচকভাবে দেখা হলেও জেনিফার লোপেজের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তিনি মনে করেন, সম্পর্ক শেষ হওয়ার সিদ্ধান্তও সাহসের পরিচয় এবং অনেক সময় সেটিই সবার জন্য সবচেয়ে ভালো হয়।
এ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের উচিত ব্রেকআপের পর পার্টি করা। মানুষের বলা উচিত, ‘তোমাদের ব্রেকআপ হয়ে গেছে? অভিনন্দন!’ কারণ, প্রথমত আপনি একটা সিদ্ধান্ত নিতে পেরেছেন। দ্বিতীয়ত, এটা সম্ভবত সংশ্লিষ্ট সবার জন্যই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হয়েছে।”
ব্যক্তিগত জীবনে ১৯৯৭ সালে ওজানি নোয়ার সঙ্গে প্রথম বিয়ে করেছিলেন জেনিফার লোপেজ। সেই সংসার এক বছরের মধ্যেই ভেঙে যায়। পরে ক্রিস জুড এবং গায়ক মার্ক অ্যান্থনির সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন তিনি। মার্ক অ্যান্থনির সঙ্গে তার ঘরে জন্ম নেয় যমজ সন্তান ম্যাক্স ও এম্মে।
এরপর ২০১৯ সালে সাবেক বেসবল তারকা অ্যালেক্স রদ্রিগেজের সঙ্গে বাগদান হলেও ২০২১ সালে সেই সম্পর্কের ইতি টানেন তারা। একই বছর পুরোনো প্রেমিক বেন অ্যাফ্লেকের সঙ্গে আবারও সম্পর্কে জড়ান জেনিফার। ২০২২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেও সেই সংসারও দীর্ঘস্থায়ী হয়নি। ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।