বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলের পারিবারিক শেকড় বাংলায় হলেও বাংলা ভাষায় এখনো পুরোপুরি স্বচ্ছন্দ নন তিনি। সম্প্রতি আনন্দবাজারের ‘বছরের বেস্ট’ পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে বাংলা সিনেমা নিয়ে প্রশ্নের মুখোমুখি হলে অকপটে স্বীকার করেন, তিনি নিয়মিত বাংলা ছবি দেখেন না। তবে সময় ও সুযোগের সমন্বয় হলে বাংলা সিনেমায় অভিনয় করতে আগ্রহী বলেও জানান এই অভিনেত্রী।
অনুষ্ঠানে কাজলের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি বাংলা চলচ্চিত্র দেখেন কি না। জবাবে সরাসরি ‘না’ বললেও বাংলা চলচ্চিত্রে কাজ করার সম্ভাবনা উড়িয়ে দেননি। বরং উপযুক্ত গল্প ও সময় মিললে বাংলা ছবিতে অভিনয় করতে চান বলে ইঙ্গিত দেন।
কাজলের মা তনুজা ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রীদের একজন। হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি বাংলা সিনেমাতেও দীর্ঘ সময় দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। মায়ের মতো সফল অভিনেত্রী হতে পেরেছেন কি না, এমন প্রশ্নের জবাবে কাজল বিনয়ী ভঙ্গিতে বলেন, তিনি এখনো সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার মতে, তনুজা অনেক বড় মাপের শিল্পী এবং পুরো জীবনজুড়েই তিনি মায়ের দেখানো পথ অনুসরণ করার চেষ্টা করেছেন।
আলাপচারিতার একপর্যায়ে নিজের কর্মজীবনের শৃঙ্খলার বিষয়েও কথা বলেন কাজল। তিনি জানান, সময়ানুবর্তিতা তার ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য। বলিউডে সময়মতো শুটিং সেটে পৌঁছানো এবং নির্ধারিত সময়েই কাজ শেষ করার অভ্যাস খুব কম শিল্পীর মধ্যে দেখা যায় বলে উল্লেখ করেন তিনি। কাজলের ভাষায়, তিনি সবসময় সময় মেনে চলেন এবং এটিই তার স্বাভাবিক অভ্যাস।
উল্লেখ্য, আনন্দবাজারের ‘বছরের বেস্ট’ সম্মাননায় এবার কাজলের পাশাপাশি পুরস্কৃত হয়েছেন পাওলি দাম, দেব, নিকিতা গান্ধী, ব্রাত্য বসুসহ বিভিন্ন অঙ্গনের আরও কয়েকজন তারকা।