দীর্ঘ প্রায় ৯ বছর পর আবারও সিনেমার গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। নব্বইয়ের দশক থেকে দীর্ঘ সময় বাংলা চলচ্চিত্রের প্লেব্যাকে নিজের মায়াবী কণ্ঠে শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। দীর্ঘ বিরতি কাটিয়ে এবার ‘নসীব’ সিনেমার ‘রাজকুমারী’ শিরোনামের একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী।
গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস। এতে কনকচাঁপার সঙ্গে কণ্ঠ দেওয়ার কথা রয়েছে সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের। তিনি কানাডা থেকে নিজের অংশের রেকর্ডিং করবেন।
প্লেব্যাকে ফেরা প্রসঙ্গে কনকচাঁপা জানান, আট থেকে নয় বছর পর সিনেমার গানে ফিরলেন তিনি। শেষবার ছটকু আহমেদের ‘পাথরের মন’ সিনেমায় গান গেয়েছিলেন। এবার গীতিকার কবির বকুলের অনুরোধেই নতুন গানটিতে কণ্ঠ দিতে রাজি হয়েছেন। গানটির কথা ও সুর তাঁর ভালো লেগেছে বলেও জানান তিনি।
দীর্ঘদিন পর রেকর্ডিং স্টুডিওতে হেডফোন কানে দিয়ে গান গাওয়ার মুহূর্তটি তাঁর কাছে ছিল ভীষণ আবেগের। কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না বলেও জানিয়েছেন এই সংগীতশিল্পী।