দীপাবলির এক রাজকীয় আয়োজনে হাজির হয়ে ফ্যাশন সচেতন মহলে দারুণ প্রশংস কুড়ালেও নতুন এক বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। অনুষ্ঠানে তার পরনের পোশাক ও সাজসজ্জার চেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে গলায় পরা একটি পান্নার হার।

অনুষ্ঠানে ডিজাইনার পুনীত বালানার নকশা করা নিউড-বেইজ কাফতান ও পাগড়ির সঙ্গে পতৌদি পরিবারের ঐতিহ্যবাহী প্রায় ২০০ বছরের পুরোনো কলগি পরে হাজির হয়েছিলেন কারিনা। তবে নেটিজেনদের একাংশের দাবি, তার গলার প্রায় ৩০ ক্যারেটের সবুজ পান্নার ওই হারটিতে খোদাই করা রয়েছে ইসলাম ধর্মের পবিত্র আয়াত ‘আয়াতুল কুরসি’। ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াতটিকে গয়না বা অলংকার হিসেবে ব্যবহারের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র আপত্তি ও সমালোচনা। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য বা আনুষ্ঠানিক ব্যাখ্যা দেননি অভিনেত্রী।