নব্বইয়ের দশকের হিন্দি গানের সোনালি সময়ের দুই জনপ্রিয় কণ্ঠ কুমার শানু ও উদিত নারায়ণ। দীর্ঘ ২১ বছরের বিরতি ভেঙে আবারও সিনেমার গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন এই দুই সংগীতশিল্পী। সানি দেওলের আসন্ন ক্রাইম থ্রিলার ‘সুরিয়া: অন্ত সে আরম্ভ তাক’ সিনেমার ‘সুনিয়ো জারা’ গানে শোনা যাবে তাঁদের কণ্ঠ।

সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বন্ধুত্বের আবহে তৈরি হয়েছে গানটি। পর্দায় এতে দেখা যাবে সানি দেওল ও রবি কিষানকে। কুমার শানু ও উদিত নারায়ণের পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন অনুপম আমোদ। জি মিউজিক কোম্পানির ব্যানারে গানটি প্রকাশের কথা রয়েছে।

এর আগে ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘নো এন্ট্রি’ সিনেমার ‘কাহা হো তুম’ গানে সর্বশেষ একসঙ্গে প্লেব্যাক করেছিলেন শানু ও উদিত। সেই হিসাবে ২১ বছর পর আবারও সিনেমার গানে এক হলো তাঁদের কণ্ঠ। দীর্ঘ সংগীতজীবনে এই জুটি শ্রোতাদের উপহার দিয়েছেন ‘তেরি মেরি দোস্তি’, ‘বেপারওয়া বহুত দিন ঘুমে’, ‘ছোটে ছোটে ভাইয়ো কে বড়ে ভাইয়া’ ও ‘হাম সাথ-সাথ হ্যায়’-এর মতো জনপ্রিয় গান।

তবে ভক্তদের জন্য চমক শুধু সিনেমার গানেই সীমাবদ্ধ নয়। চলতি মাসে একটি অডিও গানেও একসঙ্গে কণ্ঠ দিয়েছেন এই দুই শিল্পী। ‘তেরা মেরা ইয়ারানা’ শিরোনামের গানটিতে উঠে এসেছে তাঁদের দীর্ঘদিনের বন্ধুত্বের গল্প। সঞ্জীব চতুর্বেদীর কথা ও সুরে গানটি গত ১৫ অক্টোবর ইউটিউবে প্রকাশিত হয়েছে।

এদিকে, যে সিনেমার গান দিয়ে প্লেব্যাকে ফিরেছেন শানু ও উদিত, সেই ‘সুরিয়া’ নিয়েও চলছে আলোচনা-সমালোচনা। সিনেমাটিতে চিকিৎসাব্যবস্থার অনিয়ম ও স্বাস্থ্যকর্মীদের দুর্নীতির বিষয় তুলে ধরা হয়েছে। এতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সূর্য প্রতাপ সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। ভুল চিকিৎসায় মেয়েকে হারানোর বেদনা থেকে চিকিৎসাব্যবস্থার দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামেন তিনি।

তবে সিনেমায় চিকিৎসকদের নেতিবাচকভাবে উপস্থাপন এবং স্বাস্থ্যকর্মীদের ওপর সহিংসতার দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এই আপত্তি ও বিতর্কের মধ্যেই আগামী ২০ নভেম্বর সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা।