চীনের বক্স অফিসে বর্তমানে দাপটের সঙ্গে ঝড় তুলছে কমেডি কিং স্টিফেন চৌয়ের নতুন সিনেমা ‘কুংফু সকার’। মুক্তির মাত্র ৯ দিনেই ছবিটির আয় ছাড়িয়েছে ২১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকারও বেশি। বিশ্বজুড়ে চলমান ফুটবল বিশ্বকাপের উন্মাদনা এবং স্টিফেন চৌয়ের দীর্ঘ ২৫ বছর পর এই ফ্র্যাঞ্চাইজিতে প্রত্যাবর্তনের ওপর ভর করে বক্স অফিসে একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছে সিনেমাটি।

বক্স অফিস বিশ্লেষক প্রতিষ্ঠান আর্টিজান গেটওয়ের তথ্য অনুযায়ী, গত ১৭ থেকে ১৯ জুলাই সপ্তাহান্তেই ‘কুংফু সকার’ আয় করেছে ৭ কোটি ৩৭ লাখ ডলার। সাধারণত দ্বিতীয় সপ্তাহে এসে যেকোনো সিনেমার আয়ে বড় পতন দেখা গেলেও, এই ছবিটি প্রথম সপ্তাহের মতো দুর্দান্ত আয়ের ধারা বজায় রেখেছে। মুক্তির প্রথম সপ্তাহেই এটি ১৪ কোটি ৭০ লাখ ডলার আয় করে চালকের আসনে বসেছিল। ছবিটির এই অবিশ্বাস্য সাফল্য দেখে চীনের জনপ্রিয় টিকিট বুকিং প্ল্যাটফর্ম ‘মাওইয়ান’ এর সম্ভাব্য মোট আয়ের পূর্বাভাস ২৫০ কোটি ইউয়ান থেকে বাড়িয়ে ৩০০ কোটি ইউয়ান (প্রায় ৪৪ কোটি ১০ লাখ ডলার) করেছে।

‘শাওলিন সকার’ মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষেই মূলত স্টিফেন চৌ এই নতুন অধ্যায়টি দর্শকদের উপহার দিয়েছেন। ২০১৯ সালের ‘দ্য নিউ কিং অব কমেডি’-এর পর এটিই তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র। এবারের গল্পের প্রেক্ষাপট সাজানো হয়েছে একদল অবহেলিত নারী ফুটবলারকে নিয়ে, যারা মার্শাল আর্টের চোখধাঁধানো কৌশল ব্যবহার করে ‘সুপ্রিম ইনভিন্সিবল কাপ’ নামের টুর্নামেন্টে অংশ নেয়। ছবিতে দলের অধিনায়কের চরিত্রে ঝ্যাং শিয়াওফেই, তারকা স্ট্রাইকার হিসেবে দিলরাবা দিলমুরাত এবং কুংফু কোচের ভূমিকায় লে ঝ্যাং অভিনয় করেছেন। এ ছাড়া অতিথি চরিত্রে দেখা গেছে তাকেরু সাতোহ ও জিমি ও. ইয়াংয়ের মতো আন্তর্জাতিক তারকাদের।

কোনো প্রথাগত প্রচার-প্রচারণা ছাড়াই কেবল চৌয়ের জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে ছবিটির ঘোষণা এসেছিল। অথচ মুক্তির পরপরই প্রেক্ষাগৃহে তৈরি হয়েছে টিকিট পাওয়ার হাহাকার। চীনের বর্তমান মন্দাভাবগ্রস্ত গ্রীষ্মকালীন চলচ্চিত্র বাজারে এই ছবি নতুন প্রাণ ফিরিয়েছে বলে মনে করছেন বিনোদন বিশ্লেষকেরা। এনকোর ফিল্মসের পরিবেশনায় চলতি বছরের শেষ দিকে উত্তর আমেরিকার বাজারেও বড় পরিসরে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।