প্রেমের সম্পর্ক নিয়ে আগে কোনো খবর প্রকাশ্যে আসেনি। এর মধ্যেই হঠাৎ বিয়ের ঘোষণা দিলেন দক্ষিণ কোরিয়ার অভিনেতা কওয়াক সি-ইয়াং ও কে-পপ দল লাভলিজের সাবেক সদস্য ইউ জি-এ। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে হাতে লেখা চিঠি প্রকাশ করে ভক্তদের সুখবরটি জানিয়েছেন তারা। আগামী ২৮ নভেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এই জুটি।
জানা গেছে, বিয়ের আয়োজন হবে একেবারেই ব্যক্তিগত পরিসরে। এতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত থাকবেন। বিয়ের ঘোষণা দিয়ে কওয়াক সি-ইয়াং লিখেছেন, তিনি এমন একজন বিশেষ মানুষের দেখা পেয়েছেন, যার সঙ্গে বাকি জীবন কাটাতে চান। পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসার ভিত্তিতেই তারা একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নিয়েছেন।
কওয়াক আরও জানান, জীবনের কঠিন সময়ে তারা একে অপরকে সমর্থন করবেন এবং আনন্দের মুহূর্তগুলোও ভাগ করে নেবেন। বিয়ের পরও অভিনয়ে নিয়মিত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এই অভিনেতা। সংসার শুরুর পর আরও পরিণতভাবে নিজেকে দর্শকদের সামনে তুলে ধরতে চান তিনি। ভালো কাজ ও অভিনয়ের মাধ্যমে ভবিষ্যতেও ভক্তদের আনন্দ দিতে চান কওয়াক।
একই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হাতে লেখা চিঠি প্রকাশ করেন ইউ জি-এও। সেখানে তিনি জানান, আনন্দের সঙ্গে তারা জীবনের নতুন অধ্যায়ে পা রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
হঠাৎ বিয়ের ঘোষণায় ভক্তদের অনেকেই অবাক হয়েছেন। বিষয়টি যে তিনি নিজেও জানেন, তা ইউ জি-এর চিঠিতেই স্পষ্ট। ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, অনেকেই হয়তো তাদের এই সিদ্ধান্তে অবাক হয়েছেন। তবে তার নতুন শুরুকে ভালোবাসা দিয়ে উদ্যাপন করলে তিনি খুশি হবেন।
১৯৮৭ সালে জন্ম কওয়াক সি-ইয়াংয়ের অভিনয়ে অভিষেক হয় ২০১৪ সালের সিনেমা ‘নাইট ফ্লাইট’ দিয়ে। এরপর ‘ওহ মাই ঘোস্ট’, ‘মিরর অব দ্য উইচ’, ‘ফ্লেক্স এক্স কপ’ ও ‘মাই ডিয়ারেস্ট নেমেসিস’-এর মতো জনপ্রিয় ড্রামায় অভিনয় করেছেন তিনি।
অন্যদিকে, ইউ জি-এ ২০১৪ সালে কে-পপ গ্রুপ লাভলিজের সদস্য হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন। ‘আহ-চু’ ও ‘ডেসটিনি’র মতো গানের মাধ্যমে জনপ্রিয়তা পায় গ্রুপটি। পরে অভিনয়েও ক্যারিয়ার গড়েন ইউ জি-এ। ‘দ্য এসকেপ অব দ্য সেভেন’ ও ‘দ্য থার্ড ম্যারেজ’-এর মতো ড্রামায় অভিনয় করেছেন তিনি।