চলমান ফুটবল বিশ্বকাপের মাঠ মাতিয়ে ক্রীড়াবিশ্বের শিরোনামে রয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে খেলার মাঠের বাইরে তাঁর ব্যক্তিগত জীবন ও প্রেমের সম্পর্ক নিয়েও ভক্তদের কৌতূহলের কমতি নেই। চলতি বছরের শুরু থেকেই স্প্যানিশ অভিনেত্রী এস্তার এক্সপোসিতোর সঙ্গে এই ফরাসি ফরোয়ার্ডের প্রেমের গুঞ্জন বেশ জোরালো হয়ে উঠেছে।

গত এপ্রিলে একসঙ্গে সময় কাটানোসহ বেশ কয়েকবার ক্যামেরাবন্দি হয়েছেন এই জুটি। এমবাপ্পের কারণে নতুন করে আলোচনায় এলেও নিজ কাজের গুণে আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে আগে থেকেই বেশ পরিচিত এই অভিনেত্রী। ২৬ বছর বয়সী স্প্যানিশ এই তারকা মূলত ২০১৮ সালে নেটফ্লিক্সের তুমুল জনপ্রিয় থ্রিলার সিরিজ 'এলিট'-এ অভিনয় করে বিশ্বব্যাপী পরিচিতি পান। সিরিজটিতে চতুর শিক্ষার্থী 'কার্লা রোসন কালেরুয়েগা' চরিত্রে টানা দুই বছর অভিনয় করেন তিনি।

পরবর্তীতে ২০২১ সালে এর স্পিন-অফ 'এলিট: শর্ট স্টোরিজ'-এও একই চরিত্রে তাঁকে দেখা গেছে। এছাড়া নেটফ্লিক্সের আরেকটি মৌলিক প্রযোজনা 'সামওয়ান হ্যাজ টু ডাই' (২০২০) এবং ২০২৪ সালে অ্যাপল টিভির অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিরিজ 'বান্দিদোস'-এ 'লিলি' চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন এস্তার।

শুধু অভিনয়েই সীমাবদ্ধ নন এস্তার এক্সপোসিতো, ফ্যাশন ও মডেলিং জগতেও সফল ক্যারিয়ার গড়েছেন। ওয়াইএসএল বিউটি এবং ডলচে অ্যান্ড গাবানার মতো বিশ্বের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বর্তমানে তিনি বার্সেলোনা-ভিত্তিক জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড 'দেসিগুয়াল'-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই অভিনেত্রীর বিপুল জনপ্রিয়ত। শুধুমাত্র ইনস্টাগ্রামেই তাঁর ফলোয়ার সংখ্যা ২ কোটি ৪০ লাখের বেশি।

এখনো পর্যন্ত এমবাপ্পে বা এস্তার এক্সপোসিতো—কেউই তাঁদের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। তবে সামাজিক মাধ্যমে একে অপরের প্রতি নীরব সমর্থন তাঁদের প্রেমের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। সম্প্রতি এস্তারের শেয়ার করা একটি ছবির পোস্টে ফরাসি তারকা এমবাপ্পে হার্ট ইমোজি দিয়ে মন্তব্য করলে মুহূর্তেই তা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং সেই মন্তব্যে ১৭ হাজারের বেশি লাইক জমা হয়।