পপ তারকা লেডি গাগা এবং তাঁর বাগদত্তা উদ্যোক্তা মাইকেল পোলানস্কির ঘরে এসেছে তাঁদের প্রথম সন্তান। সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় নবজাতককে সাথে নিয়ে হাঁটার সময় ক্যামেরাবন্দি হন এই তারকা দম্পতি।
৪০ বছর বয়সী এই গ্র্যামিজয়ী গায়িকা এবং ৪২ বছর বয়সী পোলানস্কি দীর্ঘদিন ধরেই নিজেদের ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রেখেছেন। মেহেম বল ট্যুর শেষ করার পর থেকেই গাগা জনসমক্ষে তেমন একটা আসেননি। সম্প্রতি সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়ায় সানগ্লাস ও ক্যাজুয়াল পোশাকে কোলের মধ্যে সন্তানকে ধরে রাখার দৃশ্য ক্যামেরায় বন্দি হওয়ার পর তাঁদের মা-বাবা হওয়ার বিষয়টি সামনে আসে। তবে নবজাতকের নাম, লিঙ্গ বা সঠিক জন্মতারিখ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি তাঁরা।
হার্ভার্ডে পড়াশোনা করা মাইকেল পোলানস্কির সঙ্গে ২০১৯ সাল থেকে সম্পর্কে রয়েছেন লেডি গাগা। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের সময় পোলানস্কিকে নিজের বাগদত্তা হিসেবে পরিচয় করিয়ে দিয়ে তাঁদের আংটি বদলের বিষয়টি নিশ্চিত করেছিলেন এই গায়িকা। নিজের ক্যারিয়ারের পাশাপাশি পরিবার গড়ার দীর্ঘদিনের ইচ্ছার কথা এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে শেয়ার করেছিলেন লেডি গাগা।