ডিসি কমিকসের জনপ্রিয় চরিত্র নিয়ে তৈরি নতুন টেলিভিশন সিরিজ ‘ল্যান্টার্নস’ মুক্তির পরপরই বিশ্বজুড়ে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। মুক্তির মাত্র ৩ দিনে বিশ্বব্যাপী এর তৃতীয় পর্বটি দেখেছেন প্রায় ১ কোটি দর্শক, যার মধ্যে কেবল যুক্তরাষ্ট্রেই দর্শকসংখ্যা ছিল ৭০ লাখ। আর প্রথম পর্বটি ইতিমধ্যে ২ কোটিরও বেশি মানুষ দেখে ফেলেছেন। এইচবিও ম্যাক্সের ইতিহাসে অন্যতম শীর্ষ উদ্বোধনী সিরিজ হিসেবে জায়গা করে নেওয়ার পাশাপাশি ডিসি স্টুডিওসের সবচেয়ে বড় সিরিজ প্রিমিয়ারের রেকর্ড গড়েছে এই শো।
চিরাচরিত সুপারহিরো গল্পের মতো শুধু অতিমানবীয় ক্ষমতা বা মহাকাশের যুদ্ধের ওপর নির্ভর না করে ‘ল্যান্টার্নস’-কে নির্মাণ করা হয়েছে একটি রহস্যময় হত্যাকাণ্ডের তদন্ত ঘিরে। তরুণ গ্রিন ল্যান্টার্ন জন স্টুয়ার্ট ও অভিজ্ঞ হ্যাল জর্ডান যৌথভাবে এই ক্রাইম থ্রিলারের রহস্য উদ্ঘাটনে নামেন। সুপারহিরো ধারার সঙ্গে গোয়েন্দা থ্রিলারের এই চমৎকার সংমিশ্রণই দর্শককে স্ক্রিনে ধরে রাখতে মূল ভূমিকা রাখছে।
পাশাপাশি, জন স্টুয়ার্ট চরিত্রটির অতীত সংগ্রাম, পারিবারিক চাপ ও ভয় ফুটিয়ে তুলে তাঁকে একটি পূর্ণাঙ্গ মানবিক রূপ দেওয়া হয়েছে। অ্যারন পিয়ের ও কাইল চ্যান্ডলারের অসাধারণ অভিনয় রসায়নের পাশাপাশি জেমস গান ও পিটার সাফরানের নতুন ডিসি ভিশনের অংশ হওয়ায় সিরিজটি ঘিরে ডিসি ভক্তদের কৌতূহল ও উন্মাদনা এখন তুঙ্গে।